২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্সেনার নৈপুন্যে তলানির লড়াই জিতল কলাবাগান

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন যতিন সাক্সেনা। ভারতীয় অলরাউন্ডারের পাশে ব্যাটে-বলে অবদান রাখলেন অধিনায়ক মাহমুদুল হাসান। পয়েন্ট তালিকার তলানির দুই দলের লড়াইয়ে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারাল কলাবাগান ক্রিকেট একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিসিএসের ১৮৫ রান টপকে কলাবাগান একাডেমি জিতেছে ৫ উইকেটে। ১০ ম্যাচে ২ দলেরই পয়েন্ট এখন ৪।

নতুন বলে আক্রমণ শুরু করে অফ স্পিনার মাহমুদুল প্রথম স্পেলেই ফিরিয়ে দেন পিনাক ঘোষ ও সাইফ হাসানকে। স্পিনে পরে চেপে ধরেন সাক্সেনা-মিরাজ-বিশ্বনাথরা। সিসিএসের সাত ব্যাটসম্যান দু অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু ৪০ রানও করতে পারেননি কেউ।

৯৫ রানে ৬ উইকট হারিয়েছিল সিসিএস। সপ্তম উইকেটে অমিত মজুমদার ও মোহাম্মদ সাইফুদ্দিন গড়েছেন ৫২ রানের জুটি। সাইফুদ্দিন ফিরেছেন ২৮ রানে।

দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন অমিত। নিজের শেষ ওভারে তাকেও (৮৩ বলে ৩৮) ফিরিয়েছেন মাহমুদুল। দেড়শর নিচেও গুটিয়ে যেতে পারত সিসিএস। শেষ দিকে নাসুম আহমেদের ১৫ বলে ২২ রানে যেতে পারে তারা ১৮৫ পর্যন্ত।

এই রানে চ্যালেঞ্জও জানাতে পারেনি সিসিএস। কলাবাগান একাডেমি ৪৬ রানে হারিয়েছিল দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন সাক্সেনা ও মাহমুদুল। ইনিংসের মাঝামাঝি আসা ক্ষনিকের বৃ্ষ্টিতে ওভার কাটা যায় একটি, লক্ষ্য কমে যায় ২ রান।

৯৫ বলে ৮৭ করে আউট হন সাক্সেনা। অর্ধশতকের কাছে গিয়ে আউট হন মাহমুদুল। তবে জিততে সমস্যা হয়নি কলাবাগান একাডেমির। ৫৩ বল আগেই ধরা দেয় জয়।

সংক্ষিপ্ত স্কোর:

সিসিএস: ৫০ ওভারে ১৮৫/৯ (পিনাক ১৫, রাজিন ০, সাইফ ৯, সালমান ২৪, নবি ২৭, অমিত ৩৮, উত্তম ৪, সাইফুদ্দিন ২৮, মেহরাব ১৩*, নাসুম ২২, শাওন ৩*; মাহমুদুল ৩/৩৭, আবু জায়েদ ১/৩৮, বিশ্বনাথ ১/১৫, মিরাজ ১/৪২, তাপস ০/১০, নূর ০/৯, সাক্সেনা ২/২৬, নুরুজ্জামান ১/৮)।

কলাবাগান একাডেমি: ৪০.১ ওভারে ১৮৬/৫ (লক্ষ্য ৪৯ ওভারে ১৮৪) (শুক্কুর ১৯, মায়শুকুর ৪, সাক্সেনা ৮৭, মাহমুদুল ৪৬, মিরাজ ১, তাপস ১৬*, নুরুজ্জামান ৪*; সাইফুদ্দিন ১/৩৯, নাসুম ২/৩১, শাওন ২/৫৪, সাইফ ০/১৫, উত্তম ০/১৩, মেহরাব ০/১৪, সালমান ০/১৫)।

ফল: কলাবাগান ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: যতিন সাক্সেনা