২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর ব্যাটে রান, হারল আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রানে ফিরেছেন সৌম্য সরকার। সঙ্গে মোহাম্মদ মিঠুনের অর্ধশতকে আবাহনীকে হারিয়েছে লেজেন্ডন্স অব রূপগঞ্জ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তাদের জয়টি ২১ রানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

মুমিনুলের শতকের পর চতুরঙ্গার ৫ উইকেট
শতক না পাওয়ার হতাশা সৌম্যর
শাহরিয়ারের ব্যাটে ব্রাদার্সের জয়
তিন বছর পর মুমিনুলের শতক

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৫ রান করে আবাহনী।

লিটন দাসের সঙ্গে ৫৯ রানের জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন তামিম ইকবাল। রানে ফেরার লড়াইয়ে থাকা লিটন দাস এই ম্যাচে প্রথমবারের মতো ব্যাটিং উদ্বোধন করতে নামেন। থিতু হয়ে ফিরে যাওয়ার আগে তিনি ৩৯ বলে করেন ১৯ রান।

উদয় কাউলের জায়গায় খেলা আরেক ভারতীয় ক্রিকেটার মানভিন্দর সিং বিসলা ফিরেন ২৭ রান করে।

দলের সংগহ একশ’ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন তামিম। তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে অর্ধশতকে পৌঁছান তিনি। ৬৪ বলে খেলা তামিমের ৫৪ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়।

১১৩ রানে তিন উইকেট হারানো আবাহনী প্রতিরোধ গড়ে নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে। ১৩২ বলে এই দুজন গড়েন ১২৫ রানের জুটি।

শেষের দিকে শান্ত ও আবুল হাসানের দ্রুত বিদায়ের পর বেশি দূর এগোয়নি আবাহনীর সংগ্রহ। অর্ধশতক পাওয়া মোসাদ্দেকও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

বড় রানের সম্ভাবনা জাগিয়েও কোনোমতে আড়াইশ’ পার হয় আবাহনীর সংগ্রহ। ৮২ বলে ৭২ রান করেন শান্ত। ৭৫ বলে অপরাজিত ৬৭ রান করেন আরেক তরুণ মোসাদ্দেক।

৪৮ রানে তিন উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার আবু হায়দার।

জবাবে ৪৬ ওভার ৪ বলে ২৪৫ রান করে রূপগঞ্জ। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। সে সময় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে রূপগঞ্জের দরকার ছিল ২২৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জুনায়েদ সিদ্দিককে হারায় রূপগঞ্জ। তাসকিন আহমেদের বলে লিটনের গ্লাভসবন্দি হন জুনায়েদ।

ষষ্ঠ ওভারে উইকেটে এসেই সাবলীল ব্যাটিং করেন মিঠুন। রানে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য শুরুতে একটু নড়বড়েই ছিলেন। আবুল হাসানের বলে ব্যক্তিগত ১৩ রানে কাভারে একবার জীবনও পান তিনি।

রানের জন্য সৌম্য একদিকে সংগ্রাম করলেও অন্যদিকে পাল্টা আক্রমণে নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নেন মিঠুন। সৌম্যর সঙ্গে তার ১২৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় দলকে।

মোসাদ্দেকের বলে অভিষেক মিত্রর তালুবন্দি হওয়ার আগে ৭৫ বলে ৭৫ রান করেন মিঠুন। চলতি আসরে এটি তার দ্বিতীয় অর্ধশতক। মিঠুনের দারুণ ইনিংসটি সাজানো ৬টি চার ও তিনটি ছক্কায়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বরূপে ফেরেন ম্যাচ সেরা সৌম্য। দলকে খুব ভালো অবস্থানে পৌঁছে দিয়ে তিনি ফেরেন রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে। ৮৯ বলে খেলা এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ৮৪ রানের ইনিংসটি ৯টি চার ও দুটি ছক্কায় গড়া।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২০ ইনিংস পর অর্ধশতক পেলেন সৌম্য। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে তার আগের সর্বোচ্চ ছিল ২১ রান। 

সৌম্য ফেরার পর দলকে কক্ষপথে রাখেন অধিনায়ক মোশাররফ হোসেন ও নাহিদুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে এটি আবাহনীর দ্বিতীয় হার। অন্য দিকে এটি রূপগঞ্জের তৃতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ২৫৫/৬ (তামিম ৫৪, লিটন ১৯, বিসলা ২৭, শান্ত ৭২, মোসাদ্দেক ৬৭*, হাসান ০, অভিষেক ৪; হায়দার ৩/৪৮, তাইজুল ২/৫০, মোশাররফ ১/৪১)

রূপগঞ্জ: ৪৬.৪ ওভারে ২৪৫/৫ (জুনায়েদ ৫, সৌম্য ৮৪, মিঠুন ৭৫, আসিফ ১৯, মোশাররফ ২৫*, নাহিদুল ২৫, আলাউদ্দিন ০*; সাকলাইন ২/৩৪, তাসকিন ১/৩৬, মোসাদ্দেক ১/৪৬, শান্ত ১/৪৯)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে রূপগঞ্জ ২১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।