মুমিনুলের শতকের পর চতুরঙ্গার ৫ উইকেট
মুমিনুল হকের শতক ভিত গড়ে দিয়েছিল ভিক্টোরিয়াকে। লড়াইয়ের পুঁজি পাওয়া দলটিকে জয় এনে দিতে দারুণ বোলিং করেছেন চতুরঙ্গা ডি সিলভা। এই দুই জনের চমৎকার পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে প্রাইম দোলেশ্বর।
নাদিফ চৌধুরীর ভিক্টরিয়ার জয়টি ৫৯ রানের। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৭০ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৪৩ ওভার ৪ বলে ২১১ রানে গুটিয়ে যায় দোলেশ্বরের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রনি তালুকদারকে হারায় দোলেশ্বর। ইমতিয়াজ আহমেদের সঙ্গে রকিবুল হাসানের ৮৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলটি। নাসির হোসেনের সঙ্গে রকিবুলের ৬৮ রানের আরেকটি ভালো জুটি কক্ষপথেই রাখে দলকে।
এক সময়ে দোলেশ্বরের স্কোর ছিল ৩ উইকেটে ১৬১ রান। সর্বোচ্চ ৭৩ রান করে রকিবুল রান আউট হয়ে ফিরে গেলে ছোটখাটো ধস নামে তাদের ইনিংস। ৮ রান যোগ করতেই জিয়াউর রহমান, রবিউল ইসলাম রবি ও নাসিরও বিদায় নেন।
১৬৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দোলেশ্বর আর ম্যাচে ফিরতে পারিনি।
৩৬ রানে ইমতিয়াজ, চামারা সিলভা, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম ও রাহাতুল ফেরদৌসের উইকেট নেন চতুরঙ্গা। লিগে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার। আবাহনী বিপক্ষে আগের ম্যাচেই ৩৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভিক্টোরিয়ার। দ্বিতীয় ওভারেই ফজলে মাহমুদ রাব্বিকে হারায় তারা। তবে তার কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি মুমিনুল ও আব্দুল মজিদ।
দ্বিতীয় উইকেটে মজিদের সঙ্গে ১৬২ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রায় তিন বছর পর শতক পাওয়া মুমিনুল। আল আমিন হোসেনের বলে সানজামুলকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৪ রান করেন তিনি। ম্যাচ সেরা মুমিনুলের ১০৪ বলের ইনিংসটি ১২টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
তৃতীয় উইকেটে আল আমিন জুনিয়রের সঙ্গে ৮৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন মজিদ। দলকে ভালো অবস্থানে পৌঁছে দেওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরতে হয় মাত্র ৬ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে।
আল আমিনের বলে বোল্ড হওয়ার আগে ৯৪ রান করেন মজিদ। তার ১৩৭ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। ৫১ রানে অপরাজিত থাকেন চলতি আসরে দারুণ ব্যাটিং করা আল আমিন।
আল আমিন তিন উইকেট নেন ৫৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৭০/৩ (মজিদ ৯৪, মাহমুদ ০, মুমিনুল ১০৪, আল আমিন ৫১*, চতুরঙ্গা ১৬*; আল আমিন ৩/৫৭)
প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ২১১ (ইমতিয়াজ ৪৩, রনি ২, রকিবুল ৭৩, চামারা ২, নাসির ৩৫, জিয়া ৩, রবিউল ০, ফরহাদ ২১, সানজামুল ১৪, রাহাতুল ৩, আল আমিন ০*; চতুরঙ্গা ৫/৩৬, আল আমিন ২/৩১, রাব্বি ২/৪১)
ফল: ভিক্টোরিয়া ৫৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।
