২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতক না পাওয়ার হতাশা সৌম্যর

বড় দল আবাহনীর বিপক্ষে বড় স্কোর চেয়েছিলেন সৌম্য সরকার। সেই বড় ইনিংসটা পরিণত হতে পারত শতকে। নিজের সেই শতক হাতছাড়া হওয়ায় হতাশ লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটসম্যান

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 07:17 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে আবাহনীকে ২১ রানে হারায় রূপগঞ্জ। দলের জয়ে ৮৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন সৌম্য। চলতি আসরে এটাই তার প্রথম অর্ধশতক।

শুরুটা নড়বড়ে হলেও নিজেকে ফিরে পেতে বেশি সময় লাগেনি সৌম্যর। দারুণ ব্যাটিংয়ে শতকের পথেই ছিলেন তিনি। সাকলাইন সজীবের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। 

ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর সৌম্য জানান, শতক পেলে আরো অনেক বেশি ভালো লাগত তার।

“আবাহনী বড় দল, তাদের বিপক্ষেই বড় ইনিংস খেলার লক্ষ্য ঠিক করেছিলাম। সবচেয়ে বড় কথা আমার লক্ষ্য ছিল, ইনিংসটাকে বড় করার। তারপর নিজের ভুলের জন্য সেঞ্চুরি মিস করলাম। সেঞ্চুরিটা হলে আরও ভালো হতো।”

শতক না পাওয়ার হতাশা আছে সৌম্যর, তবে সেই হতাশাকে ছাপিয়ে গেছে রানে ফেরার আনন্দ। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২০ ম্যাচে কোনো অর্ধশতক ছিল না সৌম্যর। চলতি প্রিমিয়ার লিগেই জাতীয় দলের সতীর্থরা যেখানে রান পাচ্ছেন সেখানে এই বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানকে লড়াই করতে হচ্ছিল।

“যখন স্কোর কার্ডগুলো দেখা হয় তখন একটু নার্ভাস এবং হতাশা লাগেই। একই উইকেটে খেলছি, সবাই রান করছে আমার হচ্ছে না। অপেক্ষায় ছিলাম; নিজের অনুশীলনটা ভালো মতো করছিলাম। কোথায় কি ভুল হচ্ছে। আসলে সুযোগের আশায় ছিলাম, ওদের পাশাপাশি আমারও কিছু করা উচিত।”