তিন বছর পর মুমিনুলের শতক
টেস্ট-প্রথম শ্রেণির ক্রিকেটে যতটা উজ্জ্বল মুমিনুল হক, ততটাই বিবর্ণ ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসর দিয়ে এই সংস্করণের ক্রিকেটেও নিজেকে মেলে ধরার প্রত্যয় এই তরুণের। সেই পথেই হাঁটছেন তিনি, ভিক্টোরিয়ার হয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে করেছেন দারুণ এক শতক।
টেস্টে মুমিনুলের গড় ৫৬.০০, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪.৩১। টেস্টের চারটিসহ প্রথম শ্রেণির ক্রিকেটে তার শতক ৬টি। দোলেশ্বর ম্যাচের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬.০৮ গড়ে মুমিনুলের রান ১ হাজার ৭৭৪।
এবারের আসরের জন্য লম্বা সময় ধরে ঘাম ঝরানো প্রস্তুতি নিয়েছেন মুমিনুল। আগের চার ম্যাচে একটি অর্ধশতক পেয়েছেন তিনি। নিজের পুরনো দল দোলেশ্বরের বিপক্ষে পৌঁছেছেন তিন অঙ্কে। এই দলের হয়েই ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর আবাহনীর বিপক্ষে পেয়েছিলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম শতক।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় ওভারেই ক্রিজে আসেন মুমিনুল। আব্দুল মজিদ এক প্রান্তে সাবধানী ক্রিকেট খেলায় রানের গতি বাড়ানোর কাজটা তাকেই করতে হয়েছে।
দ্বিতীয় উইকেটে মজিদের সঙ্গে ৩৪.২ ওভার স্থায়ী ১৬২ রানের জুটিতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় শতক পেয়ে যান মুমিনুল। ১০৪ বলে খেলা তার ১০৪ রানের চমৎকার ইনিংসটি ১২টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
মুমিনুলের অর্ধশতক আসে ৫৮ বলে। শতকে পৌঁছতে খেলেন ৯৭ বল। শতকে পৌঁছানোর পর পরই ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান, তবে এর আগেই বড় সংগ্রহের ভিত পায় ভিক্টোরিয়া।
