ঢাকা প্রিমিয়ার লিগে দিবা-রাত্রির ম্যাচ
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচগুলি হবে দিবা-রাত্রির। মূলত দর্শক মাঠে টানতেই এই সিদ্ধান্ত, জানালেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে গ্যালারি এখন টইটম্বুর না থাকলেও একসময় দর্শক হতো প্রচুর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক কমেছে ঘরোয়া ক্রিকেটে। এখন বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে খেললেও হাহাকার দেখা যায় টিকিট নিয়ে। ঘরোয়া ক্রিকেটে উল্টো চিত্র। টিকিট নেই, তবু গ্যালারি থাকে শূন্য।
প্রিমিয়ার লিগ আকর্ষণীয় করতে এবং দর্শকের আগ্রহ ফেরাতে অনেক দিক নিয়ে আলোচনা করেছে সিসিডিএম। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিসিডিএম চেয়ারম্যান জানালেন, কৃত্রিম আলোয় ম্যাচ আয়োজনের কথা।
“এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও সিদ্ধান্ত একরকম চূড়ান্ত হয়েই আছে। সিসিডিএমের সবশেষ সভাতেই এটি মোটামুটি পাশ হয়ে গেছে। সবকটি ক্লাবই সম্মতি জানিয়েছে।”
সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল পাশ থেকে যোগ করলেন, “সুপার লিগের ১৫ টি ম্যাচ আমরা ডে-নাইট আয়োজন করব।”
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে শনিবার সিসিডিএমের সভার পর। সম্ভব হলে সুপার লিগের কয়েকটি ম্যাচ টিভিতে সম্প্রচারের ভাবনাও আছে, জানালেন সিসিডিএম চেয়ারম্যান।
গুরুত্বপূর্ণ এই সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হবে, জানালেন সিসিডিএম চেয়ারম্যান।
“বোর্ডের সাময়িক নিষেধাজ্ঞায় থাকা শাহাদাত হোসেন খেলতে পারবে কিনা, এটা নিয়ে আলোচনার ব্যাপার আছে। আইপিএল খেলতে যাওয়া সাকিব ও মুস্তাফিজকে প্লেয়ার্স ড্রাফটে রাখা হবে কিনা…ড্রাফট চূড়ান্ত করার ব্যাপারও আছে।”
ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে ড্রাফট বৃহস্পতিবারই ক্লাবগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে, জানালেন সিসিডিএম চেয়ারম্যান। ক্লাবগুলির আপত্তি থাকলে বা কোনো পরামর্শ থাকলে, শনিবারের সভায় সেটি নিয়ে আলোচনার পর ড্রাফট চূড়ান্ত করা হবে।
