২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করতে চুক্তি, অগ্রিম চেক

আসছে ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পাওয়া নিশ্চিত করতে ক্লাব ও ক্রিকেটারদের নিয়ে চুক্তি করবে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। প্রয়োজনে নেওয়া হতে পারে ‘পোস্ট ডেটেড চেক’, জানালেন সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

‘প্লেয়ার্জ বাই চয়েজ’ পদ্ধতিতে এবার নির্ধারিত হবে ক্রিকেটারদের দল। প্রস্তাব করা হয়েছে, তিনটি ধাপে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হবে। চুক্তি সই করার পর ৩০ শতাংশ, সুপার লিগ শুরুর আগে ৪০ শতাংশ ও লিগ শেষে বাকি ৩০ শতাংশ।

তবে অতীত অভিজ্ঞতার কারণে চুক্তির পুরো টাকা পাওয়া নিয়ে সংশয়ে আছেন অনেক ক্রিকেটারই। শীর্ষ কজন ক্রিকেটার ছাড়া বাকি ক্রিকেটারদের অনেকেই পুরো পারিশ্রমিক শেষ পর্যন্ত পায় না।

বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে পারিশ্রমিক নিশ্চিত করেছিল বিসিবি। প্রিমিয়ার লিগে নানা সীমাবদ্ধতায় সেটি সম্ভব নয়, জানালেন সিসিডিএম চেয়ারম্যানও। তবে বিকল্প নিয়েও ভাবছেন তারা।

“প্লেয়ার্জ বাই চয়েজে ক্রিকেটারদের পারিশ্রমিক যেহেতু একটা সুনির্দিষ্ট অঙ্কে নেমে এসেছে, আমরা চাই ক্রিকেটাররা প্রাপ্য টাকা যেন পায়। ১০ টাকা পারিশ্রমিক হলেও যেন সবাই পুরোটা পায়। এজন্য ক্লাব ও ক্রিকেটারদের নিয়ে চুক্তি করব আমরা। ইতিমধ্যেই চুক্তিপত্র তৈরি করা হয়ে গেছে।”

“বিপিএলের মতো ব্যাংক গ্যারান্টি নেওয়ার উপায় নেই। কারণ আমাদের ক্লাবগুলি অনেকটা সমিতির মত, ফ্র্যাঞ্চাইজি বা কোম্পানি নয় সেভাবে। কিছু আইনি ঝামেলা আছে। তার পরও আমরা চেষ্টা করছি ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়াটা নিশ্চিত করতে। আনুষ্ঠানিক চুক্তি করলে একটা আইনি বাধ্যবাকতা থাকবে। তাছাড়াও প্রয়োজন হলে আমরা ‘পোস্ট ডেটেড চেক’ নিয়ে রাখার কথাও ভাবছি।”

প্লেয়ার্জ বাই চয়েজে এবার আটটি ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে ক্রিকেটারদের। আগামী রোববার হবে নিলাম। লিগ শুরু হবে ২২ এপ্রিল।