নার্ভাস ছিলেন সিমন্স!
লেন্ডল সিমন্সের ব্যাটিংয়ে স্নায়ুর চাপের লেশমাত্র দেখা যায়নি। কিন্ত নিজেই জানালেন, বেশ চাপ অনুভব করছিলেন ম্যাচের আগে!
সিমন্সের অসাধারণ ইনিংসে বৃহস্পতিবার ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩ রান তাড়ায় ১৯ রানেই ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। সেখান থেকে সিমন্সের ৮২ রানের অপরাজিত ইনিংসে জিতে যায় তারা ৭ উইকেটে।
শুরুতে বিশ্বকাপের দলে থাকলেও চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন সিমন্স। এই ম্যাচের আগে আবার দলে যোগ দিয়েছেন আন্দ্রে ফ্লেচারের চোটের সুযোগে। কী দারুণ ভাবেই না সুযোগটা কাজে লাগালেন এই ব্যাটসম্যান। বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত ইনিংসে দলকে তুললেন ফাইনালে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনেক খেলেছেন সিমন্স। হঠাৎ করে উড়ে এলেও তাই তার কাছে দলের প্রত্যাশা ছিল অনেক। খানিকটা চাপ তাই অনুভব করছিলেন সিমন্স, জানালেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।
“ম্যাচের আগে আমি খানিকটা নার্ভাস ছিলাম। ছেলেরা বলছিল, এখানে আমার দায়িত্ব আছে। খানিকটা তাই চাপে ছিলাম। তবে সব মিলিয়ে ভালোভাবেই হয়েছে সবকিছু।”
ম্যাচের আগে চাপে থাকলেও ব্যাট করতে নামার সময় সবকিছু ভুলে যান সিমন্স।
“ব্যাট করতে নামার সময় আমার মাথা খুব পরিষ্কার ছিল। রান তাড়ার লক্ষ্য ছিল, জানতাম কি করতে হবে। আমাদের সামনে লক্ষ্য ছিল এবং সেটি আমরা অর্জন করেছি।”
