সিমন্স-রূপকথায় ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
কে লিখেছে এমন রূপকথার চিত্রনাট্য! ম্যাচটি লেন্ডল সিমন্সের দেখার কথা ছিল টিভি পর্দায়। কিন্তু ভাগ্য তাকে ক্যারিবিয়ান থেকে উড়িয়ে আনল ভারতে। প্রথমবার মাঠে নামলেন বিশ্বকাপ সেমি-ফাইনালে। দুবার ক্যাচ দিয়েও টিকে রইলেন দুবারই নো-বল হওয়ায়। আরেকবার ক্যাচ দিয়ে ছক্কা পেলেন ফিল্ডারের পা সীমানা স্পর্শ করায়। এবং শেষ পর্যন্ত অসাধারণ এক ইনিংসে ভারতকে হারিয়ে ফাইনালে তুললেন ওয়েস্ট ইন্ডিজকে।
ওপেনিংয়ে ক্রিস গেইল না পারলেও জ্বলে উঠলেন জনসন চার্লস। সময়ের দাবি মিটিয়ে ঝড় তুললেন আন্দ্রে রাসেল। ভারতের বিশাল স্কোর তাড়া করে ৭ উইকেটে জয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ২ উইকেটে ১৯২ রান করেছিল ভারত। ২ বল বাকি রেখে জিতে যায় ক্যরিবিয়ানরা।
টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমে ৫১ বলে ৮৩ রানে অপরাজিত সিমন্স। প্রমোশন পেয়ে পাঁচে নেমে ২০ বলে অপরাজিত ৪৩ রাসেল।
ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে আড়ালে পড়ে গেলেন বিরাট কোহলি। ৮২ রানের অপরাজিত ইনিংসে আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো কোহলি এদিনও ছিলেন অপ্রতিরোধ্য। অসাধারণ আরেকটি ইনিংসে ভারতকে এনে দিয়েছিলেন বড় পুঁজি।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে শুরুতে ছিলেন সিমন্স। কিন্তু পরে ছিটকে যান পিঠের চোটে। পরে তার সুযো্গটি এলো আরেকজনের চোটে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হলো আন্দ্রে ফ্লেচারের। তার বদলে উড়ে এলেন সেই সিমন্স। কে জানত, আসলে এসেছেন তিনি দলের ত্রাণকর্তা হয়ে!
বিশাল রান তাড়ায় সবার দৃষ্টি ছিল ক্রিস গেইলের দিকে। কিন্তু জাসপ্রিত বুমরাহর লো ফুলটসে ক্রস ব্যাটে খেলে বোল্ড তিনি ৫ রানেই। খানিক পর আশিস নেহরা ফেরান মারলন স্যামুয়েলসকে। অনেকেই ফাইনালে দেখতে শুরু করেছিলেন ভারতকে।
আস্তে আস্তে চিত্রটা পাল্টে দেন চার্লস ও সিমন্স। আস্কিং রান রেট বাড়ছিল, কিন্তু তাড়াহুড়ো না করে এই দুজন মন দিয়েছেন জুটি গড়ায়। সময়ের সঙ্গে বোলারদের ওপর চড়াও হয়েছেন দুজনই। ৬১ বলে ৯৭ রানের জুটি গড়েন দুজন।
মূল বোলারদের ব্যর্থতায় ধোনি বল তুলে দেন কোহলির হাতে। ২০১৩ সালের অক্টোবরে শেষ বার তিনি বল করেছিলেন টি-টোয়েন্টিতে। এবার প্রথম বলেই ফেরালেন দারুণ খেলতে থাকা চার্লসকে (৩৬ বলে ৫২)।
৬৮ রানে আরও বাঁচলেন আরও একবার। সীমানায় বল হাতে জমিয়েছিলেন জাদেজা, কিন্তু শেষ মুহূর্তে তার পা স্পর্শ করল সীমানা। শেষ পর্যন্ত ৭ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসে অপরাজিত তিনি ৮২ রানে। রাসেলের ২১৫ স্ট্রাইক রেটের ইনিংসে তিন চারের পাশে ছক্কা চারটি।
যে কোনো রান তাড়ার বিশ্বাস থেকেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ড্যারেন স্যামি। ইনিংস বিরতিতে পাল্লা হেলে ছিল তবু ভারতের দিকেই। উইকেট ব্যাটিং স্বর্গ, তবে ১৯২ রান তো কম নয় কোনো উইকেটেই।
শিখর ধাওয়ানকে বাদ দিয়ে ভারত একাদশে আনে অজিংকা রাহানেকে। বদলে যাওয়া উদ্বোধনী জুটি ভারতকে এনে দেয় টুর্নামেন্টে তাদের সেরা শুরু। ৬২ রানের জুটি গড়েন দুজন।
থিতু হওয়া রোহিতকে দারুণ এক স্লাইডারে এলবিডব্লিউ করেন বদ্রি (৩১ বলে ৪৩)। তবে স্বস্তি খুব একটা পায়নি ক্যারিবিয়ানরা। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো ইনিংসটায় যেখানে শেষ করেছিলেন কোহলি, সেখান থেকেই যেন শুরু করলেন এই ম্যাচে।
শুরুতেই অবশ্য রান আউটে কোহলিতে ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুই দফায় খুব কাছ থেকে আন্ডার আর্ম থ্রো স্টাম্পে লাগাতে পারেননি দিনেশ রামদিন ও ডোয়াইন ব্রাভো। পরে বলে রান আউটের সুযোগ হাতছাড়া হয় আবারও। মাশুল ভীষণভাবেই দিতে হয়েছে ক্যারিবিয়ানদের।
ভারত ও ফাইনালে মাঝে তখন ব্যবধান মনে করা হচ্ছিল কেবল গেইলকে। গেইল পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ দেখিয়েছে, দলটি ‘ওয়ান ম্যান আর্মি’ নয়। ৩২ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামকে স্তব্ধ করে বিজয়োল্লাস করল ক্যারিবিয়ানরাই।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন সিমন্স, এই ওয়াংখেড়ে তার ঘরের মাঠ। এই দর্শকদের কাছে তিনি ঘরের ছেলে। সেই ঘরের ছেলেই এবার শত্রু! সিমন্সের নিশ্চয়ই তাতে খেদ নেই। আইপিএলের ঘরের মাঠের দর্শকদের হতাশায় ডুবিয়ে তিনি যে আনন্দে ভাসিয়েছেন গোটা ক্যারিবিয়ানকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৯২/২ (রোহিত ৪৩, রাহানে ৪০, কোহলি ৮৯*, ধোনি ১৫*; বদ্রি ১/২৬, রাসেল ১/৪৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ এভারে ১৯৬/৩ (চার্লস ৫৪, গেইল ৫, স্যামুয়েলস ৮, সিমন্স ৮২*, রাসেল ৪৩*; কোহলি ১/১৫, নেহরা ১/২৪, বুমরাহ ১/৪২)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লেন্ডল সিমন্স
