২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনটি ছিল আমার: সিমন্স

তিনবার আউট হওয়ার খুব কাছে গিয়েছিলেন লেন্ডল সিমন্স। কিন্তু টিকে গেছেন এবং অসাধারণ এক ইনিংস খেলে দলকে তুলেছেন ফাইনালে। ত্রিনিদাদের এই ব্যাটসম্যানের উপলব্ধি, দিনটি ছিল তারই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:29 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

১৮ রানে শর্ট থার্ড ম্যানে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েছিলেন সিমন্স। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় নো বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৫০ রানে কাভারে সেই অশ্বিনেরই মুঠোবন্দী হন সিমন্স। এবারও টিভি রিপ্লে জানায়, নো বল করেছেন হার্দিক পান্ডিয়া!

আউট হতে পারতেন সিমন্স আরও একবার। ৬৮ রানে ওয়াইড লং অনে বল তালুবন্দী করলেও ফিল্ডার রবীন্দ্র জাদেজার পা স্পর্শ করে বাউন্ডারি সীমানা। শেষ পর্যন্ত ৫১ বলে ৮২ রান করে অপরাজিত সিমন্স। ভারতের ১৯২ রান তাড়া করে ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ-সেরা সিমন্স ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে জানালেন, ভাগ্য রথে চড়েই দিনটি নিজের করে নিয়েছেন তিনি।

“আমি আউট হলে হয়ত ম্যাচটি অন্যরকম হতে পারত। তবে দিনটি ছিল আমার। সব ক্রিকেটারের নিজের দিন আসে, আজকের দিনটি ছিল আমার। ভাগ্যকে কিছুটা পাশে পেয়েছিলাম এবং সেটাকে সঙ্গী করেই আমি এগিয়ে গিয়েছি। যেভাবে চেয়েছি, সবকিছু শেষ পর্যন্ত সেভাবেই হয়েছে।”

পুরনো খবর:

সিমন্স-রূপকথায় ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ