টি-টোয়েন্টিতে উন্নতির ছাপ নেই বিশ্বকাপে
গত দেড় বছর ধরে বাংলাদেশ স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে অনেক উন্নতি করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে তার ছাপ মেলেনি। প্রধান কোচ হাথুরুসিংহেও মানছেন, বিশ্বকাপের পারফরম্যান্সে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেনি।
প্রথম রাউন্ডের আবরণে হওয়া বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে জায়গা করে নেয় বাংলাদেশ। আসল বিশ্বকাপে টানা চার ম্যাচে হেরে শূন্য হাতে ফিরতে হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দলকে।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের কাছে ৭৫ রানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে দাবি করেন, বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এগিয়ে যেতে হলে আরও উন্নতি করতে হবে।
বাংলদেশের উন্নতির প্রমাণ বিশ্বকাপে নেই – সংবাদ সম্মেলনে ওঠা এই প্রসঙ্গে কোচ বলেন, “ফলাফলের কথা বললে আপনার সঙ্গে একমত হতেই হবে। তবে ২-১ বছর আগের তুলনায় আমরা অনেক উন্নতি করেছি টি-টোয়েন্টিতে।”
গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে যায় বাংলাদেশ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় না পেলেও অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে লড়াকু ক্রিকেট খেলেছেন মাশরাফিরা।
হাথুরুসিংহে মনে করেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এক দিন ফল মিলবে। তবে সেটি খুব একটা দ্রুত নাও হতে পারে।
“আগে আমাদের গড় স্কোর ছিল ১৩০/১৩৫, এখন সেটা আরও বেশি এই কঠিন উইকেটেও। আমাদের বোলিং ভালো হয়েছে, পরিকল্পনাও ছিল দারুণ। ক্যাম্প করে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স অনেক উন্নতি হয়েছে।”
“এই গ্রুপটা সহজ ছিল না। কারণ, অন্য দলগুলিও অনেক ভালো; অনেক ভালো ক্রিকেটার আছে তাদের। অবশ্যই সব ম্যাচ হেরেছি বলে আমরা হতাশ।কিন্তু আমরা কঠিন গ্রুপে ভালো লড়াই করেছি।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারে বাংলাদেশ; ভারতের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করে। প্রধান কোচ মনে করেন, ছোট ভুলগুলো এড়াতে পারলে সামনের দিনে এই ধরনের ম্যাচে ইতিবাচক ফলই আসবে।
