২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের মুখে মুস্তাফিজ স্তুতি

প্রতিপক্ষের শ্রদ্ধা আদায় করে নেওয়া নতুন নয় মুস্তাফিজুর রহমানের জন্য। এবার সেই দলে যোগ দিয়েছেন নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা। অসাধারণ বোলিং করে ভীতি জাগানোর পর কেন উইলিয়ামসন, রস টেইলর, কলিন মানরোদের প্রশংসা পেয়েছেন মুস্তাফিজ।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 09:28 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেন মুস্তাফিজ। এই ম্যাচে ২২ রানে পাঁচ উইকেট নেন তিনি, যার চার জনই তার বল বুঝতে না পেরে বোল্ড হন।

ইনিংস বিরতিতে নিজের প্রতিক্রিয়ায় মানরো বলেন, “মুস্তাফিজ অসাধারণ একজন বোলার।” 

আগে থেকে পরিকল্পনা করেও বাঁহাতি এই পেসারকে সামলানো যায়নি বলে জানান এই ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রশাংসায় ভাসান মুস্তাফিজকে, “মুস্তাফিজ খুব মেধাবী বোলার। এই ধরনের উইকেটে সে খুব কার্যকর। তার ভালো স্লোয়ারগুলো এই ধরনের উইকেটে খুব কার্যকর। সে আজকে খুব ভালো বোলিং করেছে।”

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের সতীর্থ হবেন টেইলর। সাসেক্সে ২০ বছর বয়সী মুস্তাফিজের সঙ্গে খেলার সম্ভাবনায় খুশি নিউ জিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান, “সাক্সেসের জন্য সে সত্যিই খুব ভালো চু্ক্তি। কিছু দিন পর হয়তো আমরা এক সাথেই খেলব।”

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেইলর স্বীকার করেন, প্রথমবারের মতো মুস্তাফিজকে খেলতে যাওয়া যে কারোর জন্য খুব কঠিন একটা কাজ, “দেখুন, এই ম্যাচে সে কঠিন সময়ে বল করতে এসে প্রতিবার উইকেট নিয়েছে। আজ খুব ভালো বল করেছে। তার ইউনিক একটা অ্যাকশন আছে আর সেটা সে খুব স্মার্টলি ব্যবহার করে।”