বুদ্ধিমান, চতুর ও অনন্য মুস্তাফিজ
ছোট্ট ক্যারিয়ারেই মুস্তাফিজুর রহমানের বর্ণনায় বার বার এসেছে মুগ্ধতা, বিস্ময়, অনন্য, এমন আরও কিছু শব্দমালা। কোচ চন্দিকা হাথুরুসিংহের মতে, অনভিজ্ঞ হলেও দারুণ চতুর বোলার মুস্তাফিজ।
শনিবার ইডেন গার্ডেনসে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। এর মধ্যেই অনেক রেকর্ড গড়ে ফেলা তরুণ পেসার নাম লিখিয়েছেন আরও রেকর্ডে। বাংলাদেশকে উপহার দিয়েছেন সব বিশ্বকাপ মিলিয়েই প্রথম ৫ উইকেট। গড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ড।
উইকেট সংখ্যার চেয়েও আনন্দদায়ী ছিল মুস্তাফিজ যেভাবে উইকেটগুলো নিয়েছেন। কিউই ব্যাটসম্যানদের ধন্দে ফেলে দিয়েছিলেন বাঁহাতি পেসার। ৫টি উইকেটই নিয়েছেন স্লোয়ার ও কাটারে, ৪টিই বোল্ড! কেন উইলিয়ামসনের মতো সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হার মেনেছেন মুস্তাফিজের চাতুর্যের কাছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাথুরুসিংহেও খুলে দিলেন প্রশংসার ঝাঁপি।
“সে খুবই বুদ্ধিমান ক্রিকেটার। যদিও খুব বেশি অভিজ্ঞ নয়, কিন্তু খুবই চতুর বোলার। এমন কিছু বৈচিত্র ওর আছে, যা অন্যদের নেই। সে এসব খুব চতুরভাবে ব্যবহার করে। বৈচিত্রগুলো খুব ভালো ভাবে মেলে ধরে সে। আজকেও দারুণ ছিল ওর পারফরম্যান্স।”
শুধু ৫ উইকেট পাওয়ার ম্যাচই নয়, হাথুরুসিংহের চোখে লেগে আছে ভারতের বিপক্ষে মুস্তাফিজের পারফরম্যান্সও।
“গত ম্যাচে যেভাবে সে ধোনিকে বোলিং করেছে…গত ৬-৭ মাসে সে ধোনির বিপক্ষে অনেক খেলেছে। তারপরও যেভাবে ধোনিকে শান্ত রাখতে পেরেছিল, ইয়র্কার-কুইকার-কাটার যেভাবে মিলিয়ে বোলিং দিয়েছে, এটাই বলে দিচ্ছে ওর ক্রিকেট বোধ ও বুদ্ধি কতটা তীক্ষ্ণ!”
