ছন্দে ফেরার লড়াইয়ে সৌম্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে জরুরি সৌম্য সরকারের ছন্দে ফেরা। এই সংস্করণে প্রথম তিন ব্যাটসম্যানের ওপর থাকে অনেক বেশি দায়িত্ব। সেখানে সৌম্য মানের একজন উদ্বোধনী ব্যাটসম্যান রানে না থাকলে দলকে বাড়তি চাপ নিতেই হয়। সেটা বুঝতেও পারছেন এই তরুণ, তাই ছন্দে ফেরার চেষ্টায় বাদ রাখছেন না কিছুই।
সীমিত ওভার ক্রিকেটে তামিম ইকবালের সঙ্গে সৌম্যর জুটি স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। সহজাত দুই বাঁহাতি আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটিং ক্রিকেটের সুন্দরতম দৃশ্যের একটি। দুই জনের জুটিই সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ভালো শুরুতে বড় ভরসা।
অন্য দিকে, সৌম্যকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেখেন টি-টোয়েন্টির সঙ্গে খুব মানানসই একজন ব্যাটসম্যান হিসেবে। টি-টোয়েন্টির মেজাজ বোঝা সৌম্যর সহজাত। এর সঙ্গে টি-টোয়েন্টি ভাষা বোঝা তামিম যোগ হলে বিস্ফোরক এক উদ্বোধনী জুটি পেয়ে যাওয়ার কথা ক্রিকেট বিশ্বের।
সেই পথেই ছিলেন তামিম-সৌম্য। কিন্তু গোল বাধল হঠাৎ সৌম্যর ছন্দ পতনে। তার দ্রুত ফেরায় শুরুতেই চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ। সৌম্য নিজেও এটি উপলব্ধি করছেন। দ্রুতই তাই ছন্দে ফিরতে মরিয়া বাঁহাতি ওপেনার।
“আপনারাও দেখেছেন ফর্ম একটু খারাপ যাচ্ছে। চেষ্টা করছি ফর্মে ফিরতে। অনুশীলনে বাড়তি সময় দিচ্ছি। ভুলগুলো কোথায় হচ্ছে, বের করার চেষ্টা করছি। আশা করি, সামনের ম্যাচগুলোয় রান পাব।”
টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ পেতে বা বড় লক্ষ্য তাড়া করতে উড়ন্ত সূচনা খুব গুরুত্বপূর্ণ। গত কয়েক ম্যাচে এর অভাব পুরোপুরি অনুভব করেছে বাংলাদেশ। তার সমাধানে কম চেষ্টা করছেন না ২৩ বছর বয়সী সৌম্য।
“একেক জনের একেক রকম পথ থাকে নিজেকে ফিরে পাবার। অনেকে কঠোর পরিশ্রম করে, অনেকে চিন্তা করে নিজেকে ফিরে পায়। আমিও বোঝার চেষ্টা করছি, কোনটা করা উচিত। আপাতত দুটিই করছি ও ভাবছি আমি নিজে।”
ছোট্ট ক্যারিয়ারেই দারুণ কিছু ইনিংস আছে সৌম্যর। ২০ রানের ছোট্ট ইনিংসেও কখনও প্রশংসা পেয়েছেন এই তরুণ। হাতে প্রচুর শট আছে, খেলতে পারেন উইকেটের চারপাশে। এখন নিজের জোনে বল পেলেও ঠিকঠাক খেলতে পারছেন না। এর সমাধান খুঁজছেন তার আগের ভালো সময়ের ভিডিওতে।
“হ্যাঁ ভালো সময়ের ভিডিও সবসময়ই দেখি। এটাই এখন সবচেয়ে বেশি করছি। নিজের ভালো ইনিংসগুলিতে যেভাবে খেলেছিলাম সেটা দেখে এখন পার্থক্যটা বের করার চেষ্টা করছি।”
বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরুতে আসার সময় বিমানে সতীর্থদের মতো হাসিখুশি ছিলেন সৌম্যও। সম বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে কিছুক্ষণ বিমানে হেঁটে কিছু মজাও করলেন তিনি।
তার আশা আগের সেরা ইনিংসগুলো দেখলে একটা পথ ঠিকই বেরিয়ে যাবে, “সব ভালো ইনিংসই দেখছি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে (কাতারের বিপক্ষে) যে ডাবল সেঞ্চুরি করেছিলাম, সেটার ভিডিও পর্যন্ত দেখছি। ওইগুলো কি ছিল বা এখন কেমন হচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করছি।”
সৌম্য যত দ্রুত এটা বুঝতে পারবেন, বাংলাদেশের জন্য তত ভালো।
