বাজে দিন ভুলে ভালো সূচনার অপেক্ষায় সৌম্য
পাকিস্তান ম্যাচকে নিজেদের একটা বাজে দিন হিসেবে দেখছেন সৌম্য সরকার। এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, সুপার টেনের প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টাই করবেন তারা।
বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পরের দুই ম্যাচে এখানেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
বেঙ্গালুরুতে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সৌম্য জানান, পরাজয়কে খেলোয়াড়সুলভ মানসিকতায়ই গ্রহণ করেছেন তারা।
“আমরা খেলার মধ্যেই ছিলাম। পাকিস্তানের ছিল প্রথম ম্যাচ, আমাদের চার নম্বর। আগের দুটিতে আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়াতে।”
‘আসল’ বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে পার হতে হয়েছে প্রথম রাউন্ডের আবরণে হওয়া বাছাই পর্ব। সেখানে নেদারল্যান্ডস ও ওমানকে হারায় বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।
আগামী সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুই ম্যাচে দলকে ভালো সূচনা এনে দেওয়াই লক্ষ্য সৌম্যর।
“আমি আপাতত যেটা ভাবছি, আমি যদি ভালো করি অবশ্যই আমার দলের জন্য ভালো হবে। আমি সেটিই চেষ্টা করছি দলকে ভালো কিছু দেওয়ার জন্য।”
