২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার সমর্থন প্রত্যাশা মাশরাফির

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের বাইরেও ঘরের মাঠের আবেশ পেতে পারে মাশরাফি-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়কের কণ্ঠেও তাই কলকাতাবাসীর শতভাগ সমর্থন পাওয়ার আশা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 11:54 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি
দুর্দান্ত তামিমে নিশ্চিন্ত মাশরাফি
পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত মুস্তাফিজ

এই মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ২ নম্বর গ্রুপের ম্যাচটি।

এই দুই অঞ্চলের মানুষের ভাষা বাংলা হওয়ায় মাশরাফির আশা, কলকাতাবাসী তাদেরকেই সমর্থন করবে।

“অবশ্যই আমরা আশা করছি, এখানকার মানুষ আমাদের সমর্থন করবে। এটা নির্ভর করবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের উপরই। তবে একজন বাঙালি হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই আমাদের সমর্থন করবে।

ক্রিকেট ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু এই ইডেন গার্ডেন্সে। ভারতের সবচেয়ে বড় এই স্টেডিয়ামে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

এখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবশেষ ম্যাচের স্মৃতি ২৫ বছরের পুরনো। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর এশিয়া কাপে প্রথম ও শেষবার এখানে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বলার অপেক্ষা রাখে না যে, মাশরাফি বিন মুর্তজার দলের সবাই আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইডেনে খেলার অভিজ্ঞতা পেতে যাচ্ছে।

অনেক ইতিহাসের সাক্ষী এই মাঠে নামার আগেই স্বাভাবিকভাবেই তাই কিছুটা আপ্লুত দলের সবাই।

এ প্রসঙ্গে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমি মনে করি, আমরা ইডেন গার্ডেন্সে খেলার ভালো একটি সুযোগ পেয়েছি। আমাদের খেলোয়াড়রা সবাই উত্তেজিত।”

প্রায় ৯০ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামে নিজেদের প্রথম আবির্ভাবকে স্মরণীয় করে রাখতে চান মাশরাফি।

“কালকের ম্যাচে হয়ত এত বেশি দর্শক হবে না। এটা বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু। আমরা চাই ভালো খেলতে ও ম্যাচটি স্মরণীয় করে রাখতে।”

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত কয়েক বছর ধরে খেলছেন সাকিব। আর এই দলের হোম গ্রাউন্ড এটিই। তাই ইডেন গার্ডেন্সে ভালো কিছুর প্রত্যাশা পুরণে সাকিব আল হাসানের এখানে খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে বলে জানান মাশরাফি।

“সাকিব আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শেষ সাত-আট বছর সে যেভাবে আমাদের জন্যে পারফর্ম করেছে সেটা বিশেষ কিছু। এই মাঠ নিয়ে আমরা তার থেকে অনেক তথ্য নিতে পারব।”