দুর্দান্ত তামিমে নিশ্চিন্ত মাশরাফি
তামিম ইকবাল দুর্দান্ত ফর্মের কারণে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং নিয়ে নির্ভার মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে অন্যদের জ্বলে ওঠার ব্যাপারেও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে আছেন তামিম। প্রথম পর্বে তিন ম্যাচ খেলে একটি করে শতক ও অর্ধশতকে ২৩৩ রান করেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এই ম্যাচগুলোতে তার স্ট্রাইক রেটও অসাধারণ, ১৫৮.৫০।
প্রথম পর্বের লড়াই শেষে এবার সুপার টেনের আদলে আসল বিশ্বকাপ। প্রতিপক্ষ দলগুলোও তাই এবার তুলনামূলক আরও কঠিন। তবে তামিমের দুর্দান্ত ফর্মে সেসব কিছুই ভাবাচ্ছে না মাশরাফিকে।
“ও খুব ভালো টাচে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। এটা আমাদের জন্যে ভালো। তামিম যদি এমন ফর্মে থাকে তাহলে চিন্তার কিছু নেই।”
প্রিয় সতীর্থ ছন্দে থাকায় ব্যাটিংয়ে আশার আলো দেখছেন মাশরাফি। তবে ক্রিকেটের কঠিন বাস্তবতাকেও ভুলছেন না তিনি। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তাই মনে করিয়ে দিলেন, “সেও মানুষ, আউট অব ফর্মে যেতেই পারে।”
আর তাই দলের অন্য ব্যাটসম্যানদেরও সঠিক সময়ে জ্বলে ওঠার প্রয়োজনের কথা বললেন মাশরাফি।
আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে গ্রুপ-২ এর ম্যাচটি।
