২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি

সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ সাফল্যমণ্ডিত। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের সবকটিতেই জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। তারপরও শহিদ আফ্রিদির দলের বিপক্ষে আবারও মাঠে নামার আগে নিজেদের ‘ফেভারিট’ মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 09:12 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

কলকাতার সমর্থন প্রত্যাশা মাশরাফির
দুর্দান্ত তামিমে নিশ্চিন্ত মাশরাফি
পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত মুস্তাফিজ

কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ২ নম্বর গ্রুপের ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সাফল্য ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে। ৬২ রানের বিস্ময় জাগানো ওই জয়ের পর প্রায় দেড় যুগ কেটে যায় আরেকটি জয়ের দেখা পেতে।

অবশেষে গত বছরের এপ্রিলে মেলে পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত দ্বিতীয় জয়। ঘরের মাঠে তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজের বাকি দুটিতেও জেতার পর একমাত্র টি-টোয়েন্টিতেও জেতে মাশরাফির দল।

আর সবশেষ এ মাসের শুরুতে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এ কারণেই বুধবার হতে যাওয়া পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে মাশরাফির দলকে এগিয়ে রাখছে অনেকেই। তবে বাংলাদেশ অধিনায়কের ভাবনা ভিন্ন।

“ফেভারিট কথাটা আমরা অবশ্যই আনতে চাই না। টি-টোয়েন্টি খেলায় কোনো ফেভারিট নেই। যদি ইতিহাস দেখেন টি-টোয়েন্টিতে পাকিস্তান অনেক ভালো দল আমাদের থেকে।”

সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগালেও তাতে বুদ হয়ে থাকতে চান না মাশরাফি।

“আমার মনে হয় না, ওটা সাহায্য করবে। যেটা আগে হয়েছে সেটা অতীত। ওটা কোনোভাবেই আমাদেরকে সাহায্য করবে না। আমাদেরকে নতুন করে আবার শুরু করতে হবে।”