পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত মুস্তাফিজ
প্রথম পর্ব শেষে বিশ্বকাপের সুপার টেনে মাঠে নামার আগে বাংলাদেশ দল ছন্দে থাকলেও অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দুঃশ্চিন্তা কাটেনি। বাঁ-হাতি এই পেসার চোট কাটিয়ে উঠলেও পাকিস্তানের বিপক্ষে তার খেলা এখনও নিশ্চিত নয়।
আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তাই ঘুরে ফিরে এলো মুস্তাফিজ প্রসঙ্গ। এ বিষয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সরাসরি কিছুই বললেন না। জানালেন, সময় হলেই চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
“সে খেলতে পারবে কি পারবে না, সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। ফিজিও ও কোচ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে।”
এ মাসের শুরুতে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মুস্তাফিজ।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে দলের সেরা পেসার হয়ে ওঠা মুস্তাফিজকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে, তেমনই ইঙ্গিত দিলেন মাশরাফি।
“মুস্তাফিজ এখন অনেক ভালো অনুভব করছে। ফিজিওরা দেখছে। সবকিছুই নির্ভর করছে ফিজিও এবং ওর উপর। কতটুকু পারবে এটা ওই ভালো বলতে পারবে। আজকে বোলিং অনুশীলন করবে। তারপর দেখা যাক কি হবে।”
ইডেন গার্ডেন্সে অনুশীলনে ভারতের আসার প্রথমবারের মতো নেটে পুরো রান আপে বল করেন মুস্তাফিজ। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ম্যাচের আগেই।
