জায়েদ, সাজ্জাদের নৈপুণ্যে বিসিএলে পূর্বাঞ্চলের দিন
পেসার আবু জায়েদ ও অফ স্পিনার ইফতেখার সাজ্জাদের নৈপুণ্যে দক্ষিণাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে পূর্বাঞ্চল। অন্য ম্যাচে প্রথম দিনের খেলা শেষে মধ্যাঞ্চলকে চাপে রেখেছে উত্তরাঞ্চল।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৬২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল, কোনো রানও তুলতে পারেনি তারা।
৪৮ রানের মধ্যে শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ ও এনামুল হককে হারিয়ে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। অভিজ্ঞ তুষার ইমরানের সঙ্গে তরুণ মোসাদ্দেক হোসেনের ১৪৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলটি।
তুষারকে (৭৮) বিদায় করে জায়েদ বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙার পর বেশি দূর এগোয়নি দক্ষিণাঞ্চলের ইনিংস। অর্ধশতক করা মোসাদ্দেককেও (৬৫) ফেরান জায়েদ।
এক সময়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৫ রান। এরপর ৬৭ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারানো দলটি তিনশ’ পর্যন্তও যেতে পারেনি।
৬২ রানে চার উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার জায়েদ। সাজ্জাদ তিন উইকেট নেন ৬৭ রানে।
প্রথম দিন দুই ওভার ব্যাট করে কোনো রান করেননি পূর্বাঞ্চলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন ও লিটন দাস।
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান।
রনি তালুকদারের সঙ্গে শামসুর রহমানের (৩৪) ৫২ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয় মধ্যাঞ্চলের। তবে মার্শাল আইয়ুব ও রকিবুল হাসানের দ্রুত বিদায়ে চাপে পড়ে দলটি।
শামসুরের মতো উইকেটে থিতু হয়ে ফিরে যান শুভাগত হোম চৌধুরী (৩৪), তানভীর হায়দার (৩৩) ও শরীফ উল্লাহ (৪৬)। মধ্যাঞ্চলের আশা বাঁচিয়ে এখনও ক্রিজে আছেন মোহাম্মদ শরীফ (৪৬*)।
৪৩ রানে তিন উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার আরিফুল হক। এছাড়া সানজামুল হক দুই উইকেট নেন ৪৯ রানে।
