বিপর্যয়ে ব্যাট করেই মজা পান শান্ত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি ম্যাচেই দলের বাজে সময়ে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তরুণ এই ব্যাটিং প্রতিভা জানালেন, কঠিন পরিস্থিতিতে ব্যাটিংই বেশি উপভোগ করেন তিনি!
যুব বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই আগে ব্যাট করতে নামা বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিল শান্তর দুটি ইনিংস। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৩ রানের মহামূল্য এক ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ-সেরা।
রোববার দ্বিতীয় ম্যাচে শান্ত যখন উইকেটে গেলেন, ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান মাত্র ১৭। সেখান থেকে উইকেটে থেকেছেন একদম শেষ পর্যন্ত। অস্বস্তির শুরু থেকে দলকে উদ্ধার করে রানের গতি বাড়িয়ে দলকে এনে দিয়েছেন জয়ের মত সংগ্রহ। অপরাজিত শতকে এবারও ম্যাচ-সেরা শান্তই।
ব্যাটিংই বলে দিচ্ছে, পরিস্থিতির চাপ শান্তকে কাবু করে না। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি ব্যাটসম্যান নিজেও জানালেন, চাপে ব্যাট করতেই তার ভালো লাগে।
বিপর্যয়ে ভালো ব্যাটিংয়ের সুনাম তার বরাবরই ছিল। তবে আগে অনেকবারই থমকে গেছেন দলকে উদ্ধার করেই, আউট হয়েছেন ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার আগেই। এখন আর তা হচ্ছে না। শান্তকে বেশি তৃপ্তি দিচ্ছে নিজের এই উন্নতিটা।
“এটা আমার জন্যে অনেক ভালো দিক। আগেও অনেকবার এমন পরিস্থিতিতে ব্যাটিং করেছি কিন্তু কাজটা শেষ করতে পারিনি। এখন করতে পারছি, এটা ভালো দিক। আমার ভবিষ্যতের জন্যও এসব কাজে লাগবে।”
