২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কায় নিজেদের স্পর্শ করল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কায় নিজেদের আগের রেকর্ডকে স্পর্শ করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 05:15 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

টি-টোয়েন্টি দল থেকে শুভাগত বাদ
মুশফিকের সিরিজ শেষ, দলে তাসকিন
‘সিঙ্গেল’ ভাবাচ্ছে অধিনায়ককে
ব্যাটিংয়ে আরও উন্নতি দেখতে চান মাশরাফি
‘গুরুতর নয়’ মুস্তাফিজের চোট
দাপুটে জয়ে আরও এগিয়ে বাংলাদেশ
সঙ্গ দিয়ে সন্তুষ্ট সাব্বির
ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৬৭ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। সৌম্য সরকার ও সাব্বির রহমান মেরেছেন তিনটি করে ছক্কা। তামিম ইকবাল ও সাকিব আল হাসান একটি করে।

টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। এর আগে দুই দফায় ৮টি ছক্কা মেরেছিল বাংলাদেশ।

২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ১৮৯ রানের ইনিংসে ছিল ৮টি ছক্কা। সেবার তিনটি ছক্কা মেরেছিলেন মাহমুদউল্লাহ। আর একটি করে মেরেছিলেন জিয়াউর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম ও সোহাগ গাজী।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের ১২৬ রান তাড়ায় বাংলাদেশের ছক্কা ছিল ৮টি। সেই ইনিংসে ৪টি ছক্কা মেরেছিলেন সাকিব আল হাসান; এনামুল হক দুটি। একটি করে তামিম ইকবাল ও সাব্বির রহমান।

টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ডে অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে রেকর্ডটি হয়েছিল বাংলাদেশের মাটিতেই। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ১৮৯ রান ১৩.৫ ওভারেই তাড়া করে হইচই বাধিয়েছিল নেদারল্যান্ডস। সেই ইনিংসে ডাচ ব্যাটসম্যানরা মেরেছিলেন ১৯টি ছক্কা!