ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্যটা ধরা ছোঁয়ার মধ্যেই রেখেছিলেন জিম্বাবুয়ের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা ভালো না করায় হারতে হয়েছে বলে মনে করছেন হ্যামিল্টন মাসাকাদজা।
নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরার অনুপস্থিতিতে রোববার জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন মাসাকাদজা। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন তিনি।
কিন্তু ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হারে জিম্বাবুয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪২ রানে হারের জন্য মাসাকাদজা দুষলেন ব্যাটসম্যানদেরই।
“আমারা পাওয়ার প্লেতে ভালো করতে পারিনি। ৬ থেকে ১০ ওভারেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। ব্যাটিংয়ে আমরা যেমন করেছি, জিততে হলে তার চেয়ে ভালো করতে হবে। কারণ, এখন খেলা হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেটে।”
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে হারের পরও দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছিলেন মাসাকাদজা।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ১৬৭ রান করে বাংলাদেশ। মাসাকাদজা বলেন, “আমার মনে হয়, বাংলাদেশকে বেঁধে রাখতে খুব ভালো করেছে বোলাররা। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করার মতো। আমার মনে হয়, এটা ধরা ছোঁয়ার মধ্যেই ছিল। আমার মনে হয়, বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে আমাদের আরও ভালো করতে হবে।”
