‘সিঙ্গেল’ ভাবাচ্ছে অধিনায়ককে
টি-টোয়েন্টিতে আরও বেশি সিঙ্গেল নেওয়ার তাগিদটা অনুভব করছেন মাশরাফি বিন মুর্তজাও। এ দিকটায় বাড়তি মনোযোগ দেওয়ার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের এক-তৃতীয়াংশের বেশি বল থেকেই রান নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ৬ ওভারেই ডট বল ছিল ২০টি, গোটা ইনিংসের সব মিলিয়ে ডট বল ছিল ৪৫টি।
টি-টোয়েন্টিতে এটি বরাবরই বাংলাদেশের ব্যাটিংয়ের বড় সমস্যা। চার-ছক্কাতেই বেশি মন থাকে ব্যাটসম্যানদের, স্ট্রাইক বদলানোর কথা ভাবেন কমই। এজন্যই নিয়মিত করা হয়ে ওঠে না বড় স্কোর। রোববারই যেমন, ৪৫ ডট বলের ২০টি সিঙ্গেল হলেও রান থাকত ১৯০ ছুঁইছুঁই!
দায়টা মেনে নিলেন মাশরাফিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেনে অধিনায়ক জানালেন, এদিকে মনোযোগ দিচ্ছে দল।
“সিঙ্গেল তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গেল কমে গেলে সেগুলো বাউন্ডারি মেরে কভার করতে হয়, যেটা অনেক সময় ঝুঁকির। সিঙ্গেল যত বেশি খেলা যায়, সঙ্গে নিয়মিত বাউন্ডারি পেলে রানটা খুব দ্রুত বড় হয়ে যায়। আমরা এই জায়গাটায় ফোকাস করছি। টি-টোয়েন্টিতে আসলে নিখুঁত ম্যাচ খেলা কঠিন, তারপরেও উন্নতির জায়গা সবসময়ই থাকে।”
