সঙ্গ দিয়ে সন্তুষ্ট সাব্বির
ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। তবে আক্রমণাত্মক এই ব্যাটসম্যান খুশি উইকেটে সৌম্য-সাকিবদের ভালো সঙ্গ দিতে পেরেই!
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে অপরাজিত ৪১ রান করেন সাব্বির। পরে বল হাতে ফিরিয়েছেন দারুণ ফর্মে থাকা হ্যামিল্টন মাসাকাদজাসহ তিন ব্যাটসম্যানকে।
ব্যাট হাতেও নিজে ঝড় তুলেছেন যথেষ্টই। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাব্বির জানালেন জুটিতে অবদান রেখে খুশি তিনি।
“উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমি যখন উইকেটে যাই, বল বেশ ভালোভাবে আসছিল ব্যাটে। আমি সৌম্যকে সঙ্গ দিয়ে গেছি। অন্যরা বড় শট খেলছিল, আমি স্রেফ তাদের সঙ্গ দিয়ে গেছি।”
মাত্র ৩০ বল খেললেও সাব্বির উইকেটে ছিলেন ১৪.১ ওভার। অংশীদার ছিলেন তিনটি গুরুত্বপূর্ণ জুটির। সৌম্য সরকারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩০, মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৫ ও পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি।
সিরিজে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পর এবার সাব্বিরের আশা, পরের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।
“২-০ তে এগিয়ে যেতে পেরে আমরা খুশি। আশা করি, তৃতীয় টি-টোয়েন্টিও আমরা জিতব।”
