রুটের শতকে ইংল্যান্ডের দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে রেখেছেন জো রুট। বৃষ্টির কারণে আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে শতক পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৩৮ রান। এখনও ৭৫ রানে পিছিয়ে আছে অতিথিরা। নবম শতক পাওয়া রুট ১০৬ ও জনি বেয়ারস্টো ৪ রানে ব্যাট করছেন।
দিন শেষে ভালো অবস্থানে থাকলেও ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। চতুর্থ ওভারেই আলেক্স হেলসকে ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। আর অভিষেকে প্রথম বলেই অ্যালেস্টার কুককে ফিরিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান পেসার হার্ডাস ভিলিওন।
২২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে নিক কম্পটন ও রুটের ব্যাটে। কম্পটনকে (২৬) ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙেন রাবাদা। এরপর মর্নে মর্কেলের বলে টেম্বা বাভুমার দারুণ এক ক্যাচে পরিণত হন জেমস টেইলর।
৯১ রানে চার উইকেট হারিয়ে আবার চাপে পড়া ইংল্যান্ডের ত্রাতা রুট। পঞ্চম উইকেটে অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ১১১ রানের জুটিতে দলের সংগ্রহ দুইশ' পার করেন তিনি।
মর্কেলকে ফিরতি ক্যাচ দিয়ে স্টোকস (৫৮) ফিরে গেলেও দলকে এগিয়ে নিচ্ছেন রুট। ১৯৬৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় শতক পেল ইংল্যান্ডের কোনো চার নম্বর ব্যাটসম্যান। জোহানেসবার্গেই ইংল্যান্ডের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বশেষ শতক করেছিলেন কেন ব্যারিংটন (১২১)।
দক্ষিণ আফ্রিকার মর্কেল ও রাবাদা দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। টেল এন্ডারদের দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ৩১৩ রান করে স্বাগতিকরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রিস মরিস (২৮) ও রাবাদা (২৪) এদিন নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। শেষ দুই ব্যাটসম্যান ভিলিওন (২০*) ও মর্কেল দলের সংগ্রহ তিনশ’ পার করেন।
দুবার পিচের মাঝখানে পা ফেলায় বোলিং থেকে সরিয়ে নেওয়া হয় জেমস অ্যান্ডারসনকে। তার অসমাপ্ত ওভার শেষ করতে এসে প্রথম বলেই মর্কেলকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেন স্টোকস।
৫৩ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টোকস। স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড নেন দুটি করে উইকেট।
