রেকর্ড ইনিংসের পরও অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার
রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড ইনিংস গড়েও জয় পায়নি ভারত। স্টিভেন স্মিথ ও জর্জ বেইলির দারুণ দুই শতকে ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার ব্রিসবেনে হবে দ্বিতীয় ওয়ানডে।
পার্থের ওয়াকায় মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩০৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটাই ভারতের সর্বোচ্চ রানের ইনিংস। জবাবে চার বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ফিরতি ক্যাচ নিয়ে অ্যারন ফিঞ্চকে বিদায় করে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট নেন অভিষিক্ত পেসার বারিন্দার স্রান। পরে ডেভিড ওয়ার্নারকে বিরাট কোহলির ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি পেসার।
শুরুতে উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি ভারত। বরং স্টিভ-বেইলির ৩৭.১ ওভার স্থায়ী ২৪২ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে দলকে জয়ের পথে নিয়ে যায়। শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হন এই দুই ব্যাটসম্যান।
স্কোর সমতায় আসার পর ফিরে যান পঞ্চম শতক পাওয়া স্মিথও। স্রানের বলে কোহলির তালুবন্দি হয়ে শেষ হয় তার ১৪৯ রানের অধিনয়কোচিত ইনিংসটি। তার ১৩৫ বলের ইনিংসটি ১১টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
৫৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অভিষিক্ত স্রান। অফ স্পিনার অশ্বিন দুই উইকেট নেন ৬৮ রানে।
এর আগে ৩৬ রান তুলতেই শিখর ধাওয়ানকে হারায় ভারত। তবে দ্রুত উইকেট হারানোর ধাক্কা দলকে বুঝতেই দেননি রোহিত।
রোহিত-কোহলির ব্যাটিং তাণ্ডবের সামনে অসহায় হয়ে পড়া অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের তিনটি উইকেট ফেলতে পেরেছে। ওয়ানডে ক্রিকেটে সম্পূর্ণ হওয়া কোনো ইনিংসে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে কম উইকেট পাওয়ার নজির।
অভিষিক্ত দুই পেসার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ড কোনো উইকেট পাননি। তিন উইকেটের দুটি পান জেমস ফকনার। অন্য উইকেটটি নেন জশ হেইজেলউড।
১৬৩ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন রোহিত। অসাধারণ এই ইনিংসটি খেলার পথে ১৩টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। এই নিয়ে ওয়ানডেতে চতুর্থবারের মতো দেড়শ’ বা তার বেশি রানের ইনিংস খেলার কীর্তি গড়লেন রোহিত।
ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ বার দেড়শ’ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলার কীর্তি আছে কেবল ভারতের সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের। ক্রিস গেইল আর সনাথ জয়াসুরিয়ার এই ধরনের ইনিংস আছে রোহিতের সমান ৪টি করে।
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে এত দিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ভিভ রিচার্ডসের দখলে। ১৯৭৯ সালে অপরাজিত ১৫৩ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি।
৩৭.৫ ওভারের দ্বিতীয় উইকেট জুটিতে ৫.৪৭ গড়ে ২০৭ রান তোলেন রোহিত-কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের এটি সর্বোচ্চ রানের জুটি। ২০০১ সালে ইন্দোরে ভিভিএস লক্ষ্মণ ও টেন্ডুলকারের ১৯৯ রানের জুটিটিই দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ছিল এত দিন।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস, জুটি বা রোহিতের ব্যক্তিগত ইনিংসের রেকর্ডেও ভারতের জেতা হলো না স্মিথ ও বেইলির দৃঢ়তায়।
