দ্বিশতকের জবাব রেকর্ড দ্বিশতকে!
রোহিত শর্মা-বিরাট কোহলির দ্বিশতকের জুটির জবাব দ্বিশতকেই দিয়েছেন স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। তাতেই চার ব্যাটসম্যান ঢুকে গেলেন রেকর্ড বইয়ে। ওয়ানডেতে এর আগে কখনও এক ম্যাচে দুটি দুইশ’ রানের জুটি দেখেনি ক্রিকেট বিশ্ব।
পার্থে মঙ্গলবার ভারতের ইনিংসে প্রথম দুইশ’ রানের জুটি উপহার দেন রোহিত-কোহলি। সপ্তম ওভারে ৩৬ রানে শিখর ধাওয়ান ফিরে গেলে রোহিতের সঙ্গে জুটি বাধেন ভারতের টেস্ট অধিনায়ক কোহলি।
রোহিত-কোহলির জমাট জুটি ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে অস্ট্রেলিয়ার বোলারদের। এক সঙ্গে ৩৭.৫ ওভার ক্রিজে ছিলেন ভারতের দুই ব্যাটসম্যান। এই সময়ে ৫.৪৭ গড়ে ২০৭ রান তোলেন রোহিত-কোহলি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি।
২০০১ সালে ইন্দোরে ভিভিএস লক্ষ্মণ ও টেন্ডুলকারের ১৯৯ রানের জুটিটিই দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত দিন ভারতের সর্বোচ্চ ছিল।
কোহলির বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে ওঠা জুটি। ফিরে যাওয়ার আগে ৯টি চার ও একটি ছয়ে ৯৭ বলে ৯১ রান করেন তিনি।
এ নিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি সাতটি দুইশ’ রানের জুটিতে থাকলেন কোহলি। পার্থে টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলেন তিনি। ওয়ানডেতে টেন্ডুলকার ও গাঙ্গুলি ছয়টি করে দুইশ’ রানের জুটিতে ছিলেন।
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে এত দিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ভিভ রিচার্ডসের দখলে। ১৯৭৯ সালে অপরাজিত ১৫৩ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি।
রোহিত-কোহলির কীর্তি ম্লান হয়ে গেছে স্মিথ-বেইলির আরেকটি দুইশ’ রানের জুটিতে। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যানের ৩৭.১ ওভার স্থায়ী ২৪২ রানের জুটিই স্বাগতিকদের ৫ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান রাখে।
৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ২১ রানের মধ্যে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে হারায় তারা। কিন্তু দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দ্রুত ফেরার কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি অধিনায়ক স্মিথ ও বেইলি।
স্মিথ-বেইলির ২৪২ ওয়ানডেতে তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জুটি। আর এই সংস্করণে সব মিলিয়ে দেশটির চতুর্থ বড় জুটি।
তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার আগের রেকর্ড জুটিও ছিল ভারতের বিপক্ষে। ডেমিয়েন মার্টিন ও রিকি পন্টিং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গে অবিচ্ছিন্ন ২৩৪ রানের জুটি গড়েছিলেন।
পঞ্চম শতক তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ (১৪৯)। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ১৩৫ বলের ইনিংসটি ১১টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
তৃতীয় শতক পাওয়া বেইলি ফিরেন ১১২ রান করে। বেইলির ১২০ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও দুটি ছক্কায়।
