২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ড

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৬৩ বলে অপরাজিত ১৭১ রান করেন রোহিত। অসাধারণ এই ইনিংসটি খেলার পথে ১৩টি চার ও ৭টি ছয় মারেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।
 
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসটি এত দিন ছিল ভিভ রিচার্ডসের দখলে। ১৯৭৯ সালে অপরাজিত ১৫৩ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি।
 
এই নিয়ে ওয়ানডেতে চতুর্থবারের মতো দেড়শ’ বা তার বেশি রানের ইনিংস খেলার কীর্তি গড়লেন রোহিত। 
 
ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ বার দেড়শ’ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলার কীর্তি আছে কেবল ভারতের সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের। ক্রিস গেইল আর সনাথ জয়াসুরিয়ার এই ধরনের ইনিংস আছে রোহিতের সমান ৪টি করে।
 
বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে ৩০৯ রানের সংগ্রহ এনে দেন রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্টেলিয়ার বিপক্ষে ভারতের এটিই সর্বোচ্চ রানের ইনিংসও।
 
৩৭.৫ ওভারের দ্বিতীয় উইকেট জুটিতে ৫.৪৭ গড়ে ২০৭ রান তোলেন রোহিত-কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের এটি সর্বোচ্চ রানের জুটি। ২০০১ সালে ইন্দোরে ভিভিএস লক্ষ্মণ ও টেন্ডুলকারের ১৯৯ রানের জুটিটিই দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ছিল এত দিন।

পুরনো খবর:

দ্বিশতকের জবাব রেকর্ড দ্বিশতকে!