গাপটিল-মানরো তাণ্ডবে কিউইদের জয়
দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অধর্শতকের রেকর্ড গড়লেন মার্টিন গাপটিল। মিনিট বিশেক পর সেই রেকর্ড ভেঙে দিলেন কলিন মানরো। শ্রীলঙ্কার ১৪২ রান নিউ জিল্যান্ড পেরিয়ে গেল ঠিক ১০ ওভারেই!
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার অকল্যান্ডে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। ২ ম্যাচের সিরিজ কিউইরা জিতল ২-০ ব্যবধানে।
রান তাড়ায় শুধু প্রথম ওভারে শান্ত ছিল কিউই ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভার থেকেই ঝড় শুরু করেন দুই ওপেনার গাপটিল ও কেন উইলিয়ামসন। ইনিংসের চতুর্থ ওভারে লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে গুঁড়িয়ে ২০ রান নেন গাপটিল। পরের দুশমন্থ চামিরাকে লং অন দিয়ে উড়িয়ে গাপটিল অর্ধশতক ছুঁয়ে ফেলেন ১৯ বলে। গড়েন টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
কে ভাবতে পেরেছিল, ওই রেকর্ড টিকবে না আধঘন্টাও! ৬ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৬৩ করে আউট হন গাপটিল। তিনে নেমে দ্বিতীয় বলেই ছক্কায় শুরু করেন মানরো। পরের ওভারে সেই ভ্যান্ডারসেকেই মারেন টানা তিন ছক্কা।
পরে চামিরার এক ওভারে ছক্কা-চার-ছক্কায় শেষ করে দেন ম্যাচ, ভেঙে দেন একটু আগে করা গাপটিলের রেকর্ডও। ১৪ বলে অপরাজিত ৫০, ১টি চারের পাশে ইনিংসে ৭টি ছক্কা!
টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যু্বরাজ সিংয়ের ১২ বলে অর্ধশতকের রেকর্ডটা অটুট রইলেও এটা ভাঙ্গা যে অসম্ভব না বোঝা গেল।
গাপটিলের সঙ্গে ওপেন করতে নামা কিউই অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত ছিলেন ২১ বলে ৩২ রানে।
গাপটিল-মানরোর ব্যাটিং তাণ্ডবে অনেকটাই আড়াল অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচের প্রথমভাগে লঙ্কান অলরাউন্ডার খেলেছিলেন অসাধারণ এক ইনিংস। শ্রীলঙ্কার ১৪২ রানের ইনিংসে ম্যাথিউস একাই করেন অপরাজিত ৮১ রান!
অভিজ্ঞ ওপেনার তিলকরত্নে দিলশান করেছেন ২৮। ম্যাথিউস ও দিলশান মিলে করেছেন ১০৯ রান, বাকি সব ব্যাটসম্যান ও অতিরিক্ত মিলিয়ে মাত্র মোট ৩৩ রান!
ইডেন পার্কের ছোট বাউন্ডারি দেখে শ্রীলঙ্কার তরুণ ব্যাটসম্যানরা অতি আক্রমণাত্মক শট খেলতে গিয়েই একের পর এক বিলিয়ে এসেছেন উইকেট। ম্যাথিউস-দিলশান ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। ৪৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮১ করে অপরাজিত ছিলেন ম্যাথিউস।
নিউ জিল্যান্ডের অ্যাডাম মিল্ন ও মিচেল স্যান্টনার নিয়েছেন দুটি করে উইকেট। তবে ২২ রানে ৪ উইকেট নিয়ে সফলতম অনিয়মিত বোলার গ্রান্ট এলিয়ট।
১৪২ রানকে তখন মনে হচ্ছিল অন্তত লড়ার মতো। কিন্তু গাপটিল-মানরো রান তাড়া করার কাজটিকে বানিয়ে ফেললেন ছেলেখেলা!
