সাব্বিরের আক্ষেপ
দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশাল বুলসের জয়ের নায়ক সাব্বির রহমান। ম্যাচ সেরার পুরস্কার জিতলেও শেষ পর্যন্ত থাকতে না পারার আক্ষেপ যাচ্ছে না এই তরুণের।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে রংপুরকে ৫ উইকেটে হারায় বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির জানান, দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি।
“আক্ষেপ তো আছেই। শেষ করে আসতে চেয়েছিলাম। একই সঙ্গে চেষ্টা করছিলাম, শেষ ওভার পর্যন্ত ম্যাচটি না নিতে। এজন্যই চেষ্টা করছিলাম শট খেলতে।”
১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ বলে ৭৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাব্বির। ৭টি চার ও ৩টি ছক্কায় গড়া এই ইনিংস তাকে এনে দেয় ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার।
১৮তম ওভারে থিসারা পেরেরার বলে একবার জীবন পেলেও কাজে লাগাতে পারেননি সাব্বির। সেই ওভারে আবার লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ড্যারেন স্যামির দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি।
সাব্বিরের বিদায়ের সময় ১৪ বলে ২০ রান প্রয়োজন ছিল বরিশালের। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ দ্রুত তাকে অনুসরণ করলে একটু চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত রায়াদ এমরিট ও কেভন কুপার তিন বল বাকি থাকতে দলকে জয় এনে দেন।
