জহুরুলকে এভাবেই দেখতে চান সাকিব
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের জয় সঙ্গে নিয়েই ড্রেসিং রুমে ফিরেছেন জহুরুল ইসলাম। রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান বললেন, এভাবেই তিনি খেলতে দেখতে চান জহুরুলকে।
আগের দুই ম্যাচে ভালো শুরু করেও শেষ করে আসতে পারেননি জহুরুল। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় যখন হাতের নাগালে, ৪৭ রান করে আউট হয়েছিলেন অযথাই শফিউল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে। পরের ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ২৪ রান করে আবারও আউট হয়েছিলেন তুলে মারতে গিয়ে। থিতু ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছিল দল।
রোববার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আর ভুল করেননি জহুরুল। তিনে নেমে দলের ইনিংসটাকে আগলে রেখেছিলেন। সময়ের দাবি মেটাতে রানও করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ২৬ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে দলকে জিতিয়েছেন, নিজে হয়েছে ম্যাচ-সেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক সাকিবের কণ্ঠে ছিল জহুরুলের প্রশংসা।
“আমরা জানি ওর সামর্থ্য, জানি কতটা ভালো করতে পারে ও। আগের ম্যাচগুলোয় ভালো খেলেও শেষ করে আসতে পারেনি। আজকে দারুণ খেলেছে। ওর কাছে আমাদের এটাই চাওয়া যে এভাবে খেলবে।”
দলের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে অবশ্য মোটেও সন্তুষ্ট নন সাকিব।
“টপ অর্ডার আবারও ব্যর্থ হয়েছে। আমিসহ দলের বেশির ভাগ ব্যাটসম্যানই রান করতে পারছি না। আমি, সৌম্য, সিমন্স রান করলে দলের চেহারা আরও বদলে যাবে।”
