দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাঁচানোর লড়াই
সিরিজে হার নিশ্চিত হয়েছে আগেই, দিল্লিতেও হারের শঙ্কা চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ টেস্ট বাঁচাতে প্রাণপন লড়ে যাচ্ছেন দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। চতুর্থ দিনে দুই সেশনের বেশি সময় ব্যাট করে ৭২ ওভারে ৭২ রান তুলেছে দলটি!
মাটি কামড়ে বিস্ময়কর এই ব্যাটিংয়ে অসামান্য দৃঢ়তা দেখাচ্ছেন অধিনায়ক নিজেই। ২০৭ বল খেলে ২৩ রান নিয়ে অপরাজিত আছেন আমলা। তার যোগ্য সঙ্গীর ভূমিকায় খেলে যাচ্ছেন ডি ভিলিয়ার্স, ৯১ বলে ১১ রান করে দিনের খেলা শেষ করেন তিনি।
এখনও ৪০৯ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা, হাতে আছে ৮ উইকেট।
পরাজয় এড়াতে শেষ দিনের পুরোটা সময় ব্যাট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে গুটিয়ে যাওয়ার তেতো অভিজ্ঞতা খুব একটা আশা না জোগালেও আমলা-ডি ভিলিয়ার্সের প্রতিরোধ হয়তো ভাবিয়ে তুলেছে স্বাগতিকদের।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অতিথিদের সান্ত্বনার জয়ের আশা আগের দিনই ফিকে হয়ে যায়। চতুর্থ দিনে অজিঙ্কা রাহানের ব্যাটে সেটা আরও দৃঢ় হয়।
চার উইকেটে ১৯০ রান নিয়ে রোববার সকালে খেলতে নেমে বিরাট কোহলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। ৫ রান যোগ করেই ফিরে যান তিনি। ১০টি চারের সাহায্যে ৮৮ রান করেন স্বাগতিক অধিনায়ক।
রাহানে অবশ্য ছন্দ হারাননি, দৃঢ়তার সঙ্গে ব্যাট করে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক। ২০৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন তিনি।
সেই সঙ্গে পঞ্চম ভারতীয় হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই শতক করার কীর্তি গড়লেন এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১২৭ রান করেছিলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
রাহানের শতক পূরণের সঙ্গে সঙ্গেই ৫ উইকেটে ২৬৭ রানে ইনিংস ঘোষণা করেন কোহলি। দক্ষিণ আফ্রিকার সামনে ৪৮১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।
ম্যাচ বাঁচানোর কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পথ হারায় দক্ষিণ আফ্রিকা, চতুর্থ ওভারের শেষ বলে ফিরে যান ডিন এলগার (৪)। তারপরই প্রতিরোধ তেম্বা বাভুমা ও আমলার ব্যাটে, ৩৮.৪ ওভারে ৪৪ রান ওঠে এই জুটিতে।
বোলারদের হতাশায় ডুবানোর মিশনে আমলা নিজের ৪৬তম বলে প্রথম রান নেন। প্রতিপক্ষকে হতাশায় ডুবানোর পথে একটি রেকর্ড গড়েন অতিথি অধিনায়ক, টেস্ট ইতিহাসে ২০০ বা তার বেশি বল খেলা কোনো ব্যাটসম্যানের এটাই সবচেয়ে মন্থর ব্যাটিং (২০৭ বলে ২৩)।
ডি ভিলিয়ার্সও কম যাননি; ওয়ানডের দ্রুততম শতক ও অর্ধশতকের মালিক এ দিন তার প্রথম রানটি নেন ৩৩তম বলে।
এই দুজনের জুটির প্রথম রানটি আসে ৬৩তম বলে।
এই ইনিংসে ‘রান কম নেওয়ার’ নতুন একটি মাইলফলকও গড়েছে দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে ৫০ ওভার শেষে তাদের রান ছিল ৪৯। ২০০২ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে কোনো ইনিংসে প্রথম ৫০ ওভারে এটাই কোনো দলের সর্বনিম্ন রান।
এই হিসেবে আগের সর্বনিম্ন রানটিও ছিল দক্ষিণ আফ্রিকার; ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের প্রথম ৫০ ওভারে ৬৮ রান করে তারা।
