মন্থর ব্যাটিংয়ে আমলার রেকর্ড
ভারতের বিপক্ষে শেষ টেস্টে হার এড়াতে ব্যাট হাতে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে উঠেছেন হাশিম আমলা। দিনভর স্বাগতিক বোলারদের সামনে দেয়াল গড়তে মন্থর ব্যাটিংয়ের একটি রেকর্ডও গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রোববার দিন শেষে যখন প্যাভিলিয়নের পথে আমলা, তখন স্কোরবোর্ডে তার নামের পাশে অপরাজিত ২৩ রান। এই রান করতে ২০৭টি বল খেলেন ডান-হাতি এই ব্যাটসম্যান। টেস্ট ইতিহাসে ২০০ বা তার বেশি বল খেলা কোনো ব্যাটসম্যানের এটাই সবচেয়ে মন্থর ব্যাটিং।
বোলারদের হতাশায় ডুবানোর মিশনে এ দিন আমলা নিজের ৪৬তম বলে প্রথম রান নেন। দুই শতাধিক বলের ইনিংসে মাত্র ৩টি চার মারেন তিনি।
আমলার অধিনায়কোচিত ধৈর্যশীল ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাও ম্যাচ বাঁচানোর কঠিন স্বপ্ন দেখছে।
তার যোগ্য সঙ্গীর ভূমিকায় ৯১ বলে ১১ রান করে অপরাজিত আছেন ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে এই দুজনের জুটির প্রথম রানটি আসে ৬৩তম বলে।
