কিপটে বোলিংয়ের রেকর্ড আফ্রিদির
বিপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েছেন সিলেট সুপার স্টার্সের পাকিস্তান লেগ স্পিনার শহীদ আফ্রিদি।
রোববার বরিশাল বুলসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি। দেশের বাইরে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন এই প্রথম। নেতৃত্বের প্রথম ম্যাচেই বরিশালকে বিপিএলের সবচেয়ে কম রানে গুটিয়ে দিয়েছে আফ্রিদির দল। পাকিস্তানি এই অলরাউন্ডার নিজে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই।
৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। বিপিএলে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এটিই। আগের রেকর্ডটি ছিল জ্যাকব ওরামের। গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন চিটাগং কিংসের কিউই এই অলরাউন্ডার।
এবারের বিপিএলেই রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৮ রান দিয়েছিলেন আফ্রিদির দলেরই ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস ও শ্রীলঙ্কান পেসার চানাকা ভেলেগেদারার।
গত বছরের নভেম্বরে কেপ কোবরাসের বিপক্ষে লায়ন্সের হয়ে ৪ ওভারের তিনটিই মেডেন নিয়েছিলেন মরিস, ২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
ভেলেগেদারার ৪ ওভারে মেডেন ছিল দুটি, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ২ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
৪ ওভারে ৩ রান দিয়েছেন ৩ জন বোলার। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে জুলফিকার বাবর আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুনিল নারাইন ও শোয়েব মালিক।
