সাব্বিরকে সময় নিয়ে খেলার পরামর্শ মাহমুদউল্লাহর
বিপিএলে অনুজ্জ্বল সাব্বির রহমানের ওপর নিজের আস্থা থাকার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। বরিশাল বুলসের অধিনায়ক সতীর্থকে ধৈর্য ধরে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন।
জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত ছিলেন। এবার তাকে লড়াই করতে হচ্ছে রানের জন্য।
বিপিএলে অনুজ্জ্বল সাব্বিরকে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক। সাত ম্যাচের দুটিতে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি সাব্বিরের। তার বাকি পাঁচটি ইনিংস এমন ১১, ১৫, ১০, ০, ৩।
সাব্বির যথেষ্ট পরিশ্রম করছেন তারপরও তিনি কেন রান পাচ্ছেন না, জবাবটা জানা নেই মাহমুদউল্লাহরও।
“আমার মনে হয়, এটা সাব্বির ভালো বলতে পারবে। আমার ব্যক্তিগত মত, ও উইকেটে একটু তাড়াহুড়া করছে। আরেকটু সময় নিয়ে ব্যাটিং করলে ওর ভালো হবে। ছন্দে ফিরতে এতটুকু যথেষ্ট।”
শেষের ঝড়ের জন্য সাব্বিরের দিকেই তাকিয়ে আছে বরিশাল। অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাস, একটা ভালো ইনিংস স্বরূপে ফেরাতে পারে সাব্বিরকে।
“আমি এখনও আশাবাদী। ও নিজেও খুব কষ্ট করছে। ও কতটা ভালো ক্রিকেটার সেটা আমরা সবাই জানি, বিশেষ করে এ ফরম্যাটে। একটা ভালো ইনিংস ওকে ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।”
