২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে সর্বনিম্ন রান গেইল সমৃদ্ধ বরিশালের!

ক্রিস গেইলের ক্রিকেটে ফেরার ম্যাচে ‘বিব্রতকর’ রেকর্ড গড়েছে বরিশাল বুলস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বনিম্ন রানে অলআউট হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 03:45 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল। চলতি আসর তো বটেই বিপিএলের তিন আসর মিলিয়েও এটা সর্বনিম্ন রান।

আগের সর্বনিম্ন ছিল খুলনা রয়াল বেঙ্গলসের। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৬৭ রানে অলআউট হয়েছিল তারা।

চলতি আসরে সর্বনিম্ন রান করেছিল রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮২ রানে অলআউট হয়েছিল দলটি।

এর আগে কুমিল্লার বিপক্ষেই ৮৯ রানে অলআউট হয়েছিল মাহমুদউল্লাহর বরিশাল।

রোববার সিলেটের রবি বোপারা, রুবেল হোসেন, শহিদ আফ্রিদিদের মারাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল। মোহাম্মদ সামি (১৬) ও এভিন লুইস (১২) ছাড়া দলটির আর কেউ দুই অঙ্কেই যেতে পারেননি।

১২ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার বোপার। এক ওভারেই সাব্বির রহমান, সিকুগে প্রসন্ন ও মেহেদি মারুফকে ফিরিয়ে দেন তিনি।

আফ্রিদি, রুবেল ও মোহাম্মদ শহীদ নেন দুটি করে উইকেট।   

বিপিএলে সর্বনিম্ন দলীয় সংগ্রহ:

দল

রান

প্রতিপক্ষ

ইনিংস

বরিশাল বুলস

৫৮

সিলেট সুটার স্টার্স

প্রথম

খুলনা রয়েল বেঙ্গলস

৬৭

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

সিলেট রয়্যালস

৭৪

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

রংপুর রাইডার্স

৮২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

৮৮/৮

চট্টগ্রাম কিংস

দ্বিতীয়

খুলনা রয়েল বেঙ্গলস

৮৯

রংপুর রাইডার্স

দ্বিতীয়

বরিশাল বুলস

৮৯

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম

পুরনো খবর:

'চাপে' সরে দাঁড়িয়েছেন মুশফিক
সাব্বিরকে সময় নিয়ে খেলার পরামর্শ মাহমুদউল্লাহর
সিলেটের বদলে যাওয়ার রহস্য জানালেন কোচ
গেইলের স্বরূপে ফেরার অপেক্ষায় মাহমুদউল্লাহ