গেইলের স্বরূপে ফেরার অপেক্ষায় মাহমুদউল্লাহ
চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফেরা ক্রিস গেইল নিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। তবে এই বিস্ফোরক ব্যাটসম্যান পাশেই পাচ্ছেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহকে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৮ রান করে ফিরে যান গেইল। এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের মতো ব্যর্থ হয় তার দলও। বিপিএলে সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হওয়া বরিশাল শেষ পর্যন্ত হারে ৯ উইকেটে।
গেইল দ্রুত ফিরে যাওয়ায় বরিশালের চাপে পড়ে যাওয়ার ধারণা উড়িয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক জানান, গেইলের স্বরূপে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
“উনি অনেক দিন পর ইনজুরি থেকে ফিরেছেন। এটাই ওনার প্রথম ম্যাচ। উনি কতটুকু ‘ক্যাপাবল’ আমরা সবাই জানি। উনি নিজের দিনে যে কোনো দলকে ধ্বংস করে দিতে পারেন।”
বরিশালের প্রায় সবাই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন। গেইলকে পেয়ে বরিশালের সবাই গেইল হতে চেয়েছিলেন নাকি, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ সতীর্থদের পক্ষই নিলেন।
“ক্রিস গেইল একজনই, দ্বিতীয় কেউ নেই। আজ যে যার ধরন অনুযায়ী খেলছিল। দুর্ভাগ্যবশত আজকে ক্লিক করেনি।”
