পরের দুই ম্যাচ নাও খেলতে পারেন তামিম
বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে টান লেগেছে তামিম ইকবালের। প্রাথমিক পর্বে দলের শেষ দুই ম্যাচ না খেলার শঙ্কাই বেশি চিটাগং ভাইকিংস অধিনায়কের।
৫ উইকেটে হেরে যাওয়া এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বেশ কিছু্ক্ষণ মাঠের বাইরে ছিলেন তামিম। পরে সংবাদ সম্মেলনে জানালেন চোটের কথা।
“আমার কুঁচকিতে টান লেগেছে। এই মুহূর্তে খুবই ব্যথা করছে। পরের দুটো ম্যাচ নাও খেলতে পারি। যদিও ম্যাচের আগে এখনও ২-৩ দিন সময় আছে। চূড়ান্ত সিদ্ধান্ত তখন নেব। তবে আপাতত ফিজিও বলেছেন, এটা ঠিক হতে ১০ দিনের মত সময় লাগে।”
টুর্নামেন্টের ৮ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে ভাইকিংস। শেষ দুই ম্যাচের সম্ভাবনা টিকে আছে কেবল অঙ্কের হিসেবে। বাস্তবতা উপলব্ধি করেছেন তামিম নিজেও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদায়ের সুরই ছিল তার কণ্ঠে।
“আমরা চেষ্টা করেছি ভালো খেলতে, পারিনি। এখন শেষ দুই ম্যাচে চেষ্টা করব সমর্থকদের কিছু একটা দিতে। আর পরের বার ফিরব আরও শক্তিশালী হয়ে।”
