২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লাকে দারুণ জয় এনে দিলেন মালিক

স্নায়ুর চাপকে জয় করে ঠাণ্ডা মাথায় দারুণ এক ম্যাচ জয়ী ইনিংস খেললেন শোয়েব মালিক। রোমাঞ্চকর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 08:39 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

পুরনো খবর:

স্পিন বোলিং করতে চেয়েছিলেন মাশরাফি!
পরের দুই ম্যাচ নাও খেলতে পারেন তামিম
দিলশানকে দোষ দিচ্ছেন না তামিম
দিলশানের ঘটনা ‘অন্য দিকে’ নিতে চান না মাশরাফি
দিলশানের ধাক্কায় ৫ রান পেনাল্টি পেল কুমিল্লা

চিটাগংয়ের ১৩৬ রান তাড়ায় শেষ ভাগে কুমিল্লাকে টানেন মালিক। ছক্কায় ম্যাচ শেষ করে অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৪ রানে।

সপ্তম ম্যাচে কুমিল্লার এটি পঞ্চম জয়। অষ্টম ম্যাচে ষষ্ঠ হার চিটাগংয়ের। দুই দলের আগের লড়াইয়ে কুমিল্লা জিতেছিল ৭ উইকেটে। 

শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৭ রান। বিলাওয়াল ভাট্ট্রি প্রথম বলটি ছিল অলক কাপালির মাথার উচ্চতায়। নো বলের সঙ্গে কাপালির ব্যাট থেকেও আসে ১ রান। চতুর্থ বলে মিড উইকেট দিয়ে ছক্কায় ম্যাচ শেষ করে দেন মালিক।

এর আগে ম্যাচ খানিকটা জমিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির। ২২ বলে যখন প্রয়োজন ২৭ রান, হাতে উইকেট ৭টি। ৪ বলের মধ্যে আমির ফিরিয়ে দেন আসার জাইদি (৮) ও শুভাগত হোমকে (২)। কিন্তু শেষ পর্যন্ত মালিকের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি আমির।

ম্যাচে জয়-পরাজয় ছাপিয়েও অবশ্য আলোচিত ছিল আরেকটি বিতর্কিত ঘটনা। ২ রানে তিলকরত্নে দিলশানের ধাক্কায় উইকেটে পড়ে গিয়ে রান আউট হয়েছিলেন ইমরুল। কিন্তু টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারের মনে হয়েছে, ইচ্ছে করেই বাধা দিয়েছিলেন দিলশান। রান আউট না দিয়ে উল্টো পেনাল্টি করা হয় চিটাগংকে, অতিরিক্ত হিসেবে ৫ রান পায় কুমিল্লা।

ওই ঘটনায় যেন তেতে গিয়েছিলেন ইমরুল। খেলছিলেন দারুণ। শেষ পর্যন্ত সেই দিলশানের বলেই আউট হয়েছেন ইমরুল (২৮ বলে ৩৫)।

দীর্ঘক্ষণ উইকেটে থেকেও ছন্দ পাচ্ছিলেন না আহমেদ শেহজাদ। ১৩ ওভার শেষেও পাকিস্তানি ব্যাটসম্যানের রান ছিল ৩৩ বলে ২১! পরে তাসকিনকে টানা তিনটি চার মেরে রান-বলের ব্যবধান কমিয়েছেন। কিন্তু পুরোপুরি পুষিয়ে আসতে পারেননি শুরুর মন্থরতা। উইকেট দিয়ে এসেছেন স্বদেশি ভাট্টিকে (৪১ বলে ৩৭)।

কুমিল্লাও তখন পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়। ডাগ আউটে মাথায় হাত দিয়ে বসেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত মাশরাফির মুখে হাসি ফুটিয়েছেন মালিক।

চিটাগং ১৩৬ করতে পেরেছিল উমর আকমলের শেষের ঝড়ে। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিত্তির পর বাকিদের ব্যর্থতায় দলকে প্রায় একাই টেনেছেন আকমল।

শোয়েব মালিককে দিয়ে বোলিং শুরু করিয়ে চিটাগংকে একটু ভড়কে দিয়েছিলেন মাশরাফি। তাই প্রথম ওভার থেকেই তেড়েফুঁড়ে মারা শুরু করেননি তামিম-দিলশান। প্রথম ২ ওভারে একটু দেখে নিয়েছেন দুজন।

তৃতীয় ওভারে মালিককে দুটি চার মেরে রানের গতি বাড়ান দিলশান। আবু হায়দার রনিকে ডাউন দা উইকেটে গিয়ে অসাধারণ শটে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মারেন তামিম। পাওয়ার প্লেতে চিটাগং তোলে ৪৩ রান।

২১ রানে তামিম নিশ্চিত কট বিহাইন্ড হলেও সাড়া দেননি আম্পায়ার। সুযো্গটা তবু কাজে লাগাতে পারেননি চিটাগং অধিনায়ক। শুভাগত হোমকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছন সীমানায় (২৩ বলে ২৭)। ওই ওভারেই মাশরাফির বুলেট গতির থ্রোতে রান আউট এনামুল হক (০)।

এক এভারেই ২ উইকেট হারিয়ে একটু সংযত ব্যাটিং করছিলেন দিলশান। টেনে নিচ্ছিলেন ইনিংস। কিন্তু আশার জাইদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন লঙ্কান ব্যাটসম্যান (৪২ বলে ৩৯)।

বাকি সময়টায় দলের রান বলতে গেলে একাই বাড়িয়েছেন ছোট আকমল। কুলাসেকেরাকে মারা এক ছক্কায় বল প্রায় স্টেডিয়ামের বাইরে নিয়ে ফেলছিলেন। শেষ পর্যন্ত অপরাজিত তিনি ৩৪ বলে ৪৯ রান করে।

কুমিল্লার আবু হায়দার রনি, জাইদি ও শুভাগত নিয়েছেন একটি করে উইকেট। তাদের ফিল্ডাররা ক্যাচ মিসে উদার না হলে হয়ত আরো কম রানে আটকানো যেত চিটাগংকে। ১ রানেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন দিলশান, ক্যাচ দিয়ে বেঁচে গেছেন ২৫ রানেও। আকমল জীবন পেয়েছেন ৫ রানে! শেষ পর্যন্ত এ সবের জন্য বড় খেসরাত দিতে হয়নি। জিতেছে কুমিল্লা।  

চোট জর্জর মাশরাফি বিন মুর্তজা খেলছেন এই ম্যাচেও। তবে নিজের শরীরের প্রতি কিছুটা সদয় হয়ে এদিন বোলিং করেননি কুমিল্লা অধিনায়ক।

শুধু অধিনায়ক হিসেবেও তাকে খেলাতে মরিয়া কুমিল্লা। একের পর এক জয়ে প্রমাণিতও হচ্ছে মাশরাফির নেতৃত্ব-জাদু!