২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশানের ঘটনা ‘অন্য দিকে’ নিতে চান না মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা বলছেন, মানুষের ভুল হতেই পারে। তিলকরত্নে দিলশানের ধাক্কা মারার ঘটনা তাই অন্য দিকে না নিয়ে ক্রিকেটীয় দৃষ্টিতেই দেখতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 09:53 AM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচে সবচেয়ে আলোচিত ছিল ইমরুল কায়েসকে ধাক্কা মেরে দিলশানের ফেলে দেওয়া এবং শাস্তি হিসেবে চিটাগংয়ের ৫ রান পেনাল্টি।

ম্যাচ শেষে মাশরাফির সংবাদ সম্মেলনেও শুরুতেই উঠল এই প্রসঙ্গ। মাশরাফি হাঁটলেন নিরাপদ পথেই।

“পুরো ব্যাপারটা আম্পায়ারদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। আউট দিলেও আমাদের কিছু করার ছিল না। আর সব কিছুরই আইন আছে। আইনের ভেতরে থেকেই আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন।”

কুমিল্লার ইনিংসের দ্বিতীয় ওভারে রান নেওয়ার সময় ফিল্ডার দিলশানের সঙ্গে ধাক্কা লাগে ইমরুলের। পরে দিলশানের পায়ের সঙ্গে লেগে পড়ে যান ইমরুল। তৃতীয় আম্পায়ার বেশ কিছুক্ষণ টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন যে ইচ্ছে করেই পা বাড়িয়ে ইমরুলকে ফেলে দিয়েছিলেন দিলশান। ইমরুলকে রান আউট না দিয়ে তাই উল্টো ৫ রান পেনাল্টি দেওয়া হয় চিটাগংকে।

তখন ২ রানে থাকা ইমরুল পরে ২৮ বলে ৩৫ রান করেন। পরে যেভাবে শেষ হয়েছে ম্যাচ, তাতে কুমিল্লার জয়ে ওই ৫ রানের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ।

টিভি রিপ্লেতে অনেকটা স্পষ্টই ফুটে উঠেছে, ইচ্ছে করেই ইমরুলকে ফেলে দিয়েছিলেন দিলশান। পেনাল্টিও সেই কারণেই। সরাসরি না বলে মাশরাফিও বুঝিয়ে দিলেন নিজের অভিমত।

“আম্পায়ার ওই ঘটনায় ৫ রান পেনাল্টি করেছে, আমাদের ব্যাটসম্যানকে আউটও দেননি। তাতেই বোঝা যাচ্ছে সব কিছু। আর ক্রিকেটীয় জায়গা থেকে বললে, আমি জানি না সে ইচ্ছে করেই করেছে কিনা। যদি ইচ্ছে করেই করে থাকে, তাহলে সবাই জানি যে কাজটা ঠিক হয়নি।”

তবে এটাকে মানবিক ভুল হিসেবেই দেখতে চান কুমিল্লা অধিনায়ক।

“আমি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে চাই। ভুল মানুষেরই হয়, হতেই পারে। আইন মেনে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে, দিনশেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, বিশ্ব ক্রিকেটেই তিনি অন্যতম সিনিয়র ক্রিকেটার। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৭৫টি। তার কাছ থেকে এমন ভুল অনাকাঙ্ক্ষিতই। তবে এটাকে অন্য দিকে টানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক।

“দিলশান অনেক অভিজ্ঞ বটে। অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে লোকে আশা করে, তারা কম ভুল করবে। তারপরও মানুষ তো, ভুল হতেই পারে। আর এটা আমি অন্য দিকে নিতে চাই না। ভুল করলে বা অন্যায় করলে তার শাস্তি আছে। সেটা দেওয়া হয়েছে, আমরা পেনাল্টি পেয়েছি। এটাই গুরুত্বপূর্ণ।

পুরনো খবর:

কুমিল্লাকে দারুণ জয় এনে দিলেন মালিক
দিলশানের ধাক্কায় ৫ রান পেনাল্টি পেল কুমিল্লা