দিলশানকে দোষ দিচ্ছেন না তামিম
ইমরুল কায়েসকে ধাক্কা মারার ঘটনায় তিলকরত্নে দিলশানকে দোষ দিচ্ছেন না তামিম ইকবাল। চিটাগং ভাইকিংস অধিনায়কের ধারণা, মুহূর্তের উত্তেজনায় কাজটি করে বসেছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।
বৃহস্পতিবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচে ফলাফল ছাপিয়ে আলোচিত ঘটনা ছিল দিলশানের ওই ধাক্কা। কুমিল্লার ইনিংসের দ্বিতীয় ওভারে রান নেওয়ার সময় ফিল্ডার দিলশানের সঙ্গে ধাক্কা লাগে ইমরুলের। পরে দিলশানের পায়ের সঙ্গে লেগে পড়ে যান ইমরুল।
তৃতীয় আম্পায়ার বেশ কিছুক্ষণ টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেই পা বাড়িয়ে ইমরুলকে ফেলে দিয়েছিলেন দিলশান। ইমরুলকে রান আউট না দিয়ে তাই উল্টো ৫ রান পেনাল্টি দেওয়া হয় চিটাগংকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘটনায় নিজের অবস্থান ব্যখ্যা করলেন চিটাগং অধিনায়ক তামিম।
“আমি যে পজিশনে দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে ঘটনাটি দেখা কঠিন ছিল। বোলার ছিল সামনে। তবু বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। কারণ ব্যাটসম্যান পড়ে গেছে, আমার ফিল্ডারও পড়ে গেছে। আমি আম্পায়ারকে গিয়ে বলেছি যে, ‘আমি আপিল করছি না। বলছি না যে আউট দিতে হবে বা কিছু। আপনারা সিদ্ধান্ত নিন। আমি তো ভিডিও দেখতে পাচ্ছি না!’
ঘটনার পর ইমরুল একটু উত্তেজিত হলে তামিম গিয়ে থামান তাকে। চিটাগং অধিনায়ক জানালেন, ভিডিওটা বড় পর্দায় দেখতে পেলে তিনি নিজেই ইমরুলকে ফেরাতেন।
“ইমরুলকে গিয়েও একই কথা বলেছি যে আপিল করছি না। আম্পায়ারই সিদ্ধান্ত নেবে। এটুকু বলতে পারি, মাঠেই ভিডিওটা যদি দেখতাম, এবং আম্পায়ার ইমরুলকে আউট দিত, তাহলেও আমি ওকে ফিরিয়ে আনতাম।”
ম্যাচের পর ভিডিওটা দেখেছেন তামিম। বাস্তবতাটাও বুঝেছেন। তার ধারণা, হুট করেই অমন করে ফেলেছেন দিলশান।
“দিলশানকে দোষ দিতে পারি না। কারণ একটা মুহূর্তের ব্যাপার, অনেক সময় এরকম হয়ে যায়। আমি নিশ্চিত কোনো ক্রিকেটার এটা ইচ্ছা করে করতে পারে না। দিলশান ইচ্ছে করেই করেছে বা টান দিয়ে ফেলে দিয়েছে, এটা আমি বলব না। ভিডিও দেখে যদিও সেরকমই মনে হয়। তারপরও দিলশানকে দোষ দেব না।”
মাঠে ওই সময় দিলশানের সঙ্গে কথোপকথনটাও শোনালেন তামিম।
“দিলশান তখন আমাকে বলেছে যে, ‘আমরা দুজন একসঙ্গে ধাক্কা খেয়েছি।’ এই তো, এটুকুই। একটা মুহূর্তের মধ্যে অনেক সময় এরকম হয়ে যায়। যেমন ধরুন, ব্যাটসম্যান এলবিডব্লিউ হলে অনেক সময় হুট করে ব্যাট দেখিয়ে দেয় আম্পায়ারকে, আমি নিজেও অনেকবার দেখিয়েছি ওরক ভাবে। তো অনেক সময় এসব হয়ে যায়।”
