অপ্রতিরোধ্য বরিশালের বৃষ্টিস্নাত জয়
বিপিএলের তৃতীয় আসরকে প্রথমবারের মতো ভিজিয়ে দিল বৃষ্টি। তাতে দমে না গিয়ে জয় আনন্দে অবগাহন করল বরিশাল বুলস; রংপুর রাইডার্সকে হারাল ৬ উইকেটে।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করতে পেরেছিল রংপুর। বরিশালের রান তাড়ায় ৩.৩ ওভার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৩ ওভারে ৭৫ রান। বরিশাল জিতে যায় ৩ বল বাকি থাকতে।
দারুণ খেলতে থাকা বরিশালের এটি ছয় ম্যাচে পঞ্চম জয়। সপ্তম ম্যাচে তৃতীয় পরাজয় রংপুরের। দুই দলের প্রথম লড়াইয়ে মিরপুরে ১৩ রানে জিতেছিল বরিশাল।
মেঘলা আকাশ, কুয়াশার ছোঁয়া আর গুমোট আবহাওয়ায় দুপুর বেলাতেই চট্টগ্রামে ছিল সন্ধ্যার ছায়া। কিন্তু তার চেয়েও গুমোট ছিল রংপুরের ব্যাটিং। পরে ব্যাটিংয়ে উদ্ভাসিত হয়নি বরিশাল বুলসও। লক্ষ্য কঠিন ছিল না বলেই পা হড়কায়নি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইস ৪ রানেই ফেরেন ওয়াহাব রিয়াজের বলে এলবিডব্লিউ হয়ে; যদিও দেখে মনে হয়েছে বলটি চলে যেত লেগ স্টাম্পের বাইরে। ওয়াহাব ও সাকিবের বোলিংয়ে মেহেদি মারুফ যেন হাবুডুবু খাচ্ছিলেন অথৈ সাগরে। শেষ পর্যন্ত সাকিবের বলে স্টাম্পড হয়েছেন তিনি ১৪ বলে ৩ রানে।
বৃষ্টির পর আরাফাত সানিকে ছক্কা মেরে পরের বলেই ক্যাচ দিয়েছেন রনি তালুকদার (১৯ বলে ২৩)। তবে দলকে লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ (১৮ বলে ২৩*)।
শীতের আগমণী বার্তা দেওয়া হেমন্তের দুপুরে খেলা শুরুর সময় চারপাশ ছিল ঘোলাটে। দুপুরেই তাই জ্বলে ওঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট। কিন্তু জ্বলে উঠতে পারেননি রংপুরের ব্যাটসম্যানরা।
তবে রংপুরের ব্যাটিং ব্যর্থতায় বরিশালের বোলারদের চেয়ে নিজেদের বাজে ব্যাটিংয়ের দায়টাই বেশি। ইনিংসের শুরুটা যদিও তাদের জন্য ছিল রোমাঞ্চ জাগানিয়া। প্রথম ওভারেই মোহাম্মদ সামিকে স্কুপ করে উইকেটকিপার-স্লিপের ওপর দিয়ে ছক্কা মারেন জহুরুল ইসলাম। পরের ওভারেই উবে যায় রোমাঞ্চ। এক ওভারেই রংপুর হারায় দলের সবচেয়ে বড় দুই তারকাকে।
আগের ম্যাচের ম্যান অব দা ম্যাচ এবার আউট প্রথম বলেই। আল আমিন হোসেনের স্টাম্পের বাইরের লেংথ বলে জায়গায় দাঁড়িয়ে আলসে শটে ক্যাচ দিয়েছেন কাভারে। দৃষ্টিকটু শটে অবশ্য সৌম্যকেও হার মানিয়েছেন সাকিব। ওই ওভারেই শেষ বলে ডাউন দা উইকেটে এসে পজিশনে না গিয়েই শট খেলে ক্যাচ দিলেন রংপুর অধিনায়ক (১)।
উইকেট বিলিয়ে আসায় উদার রংপুরের পরের ব্যাটসম্যানরাও। তাইজুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে আউট মোহাম্মদ মিঠুন (২)। এক প্রান্ত আগলে রাখা জহুরুলও এই পথের পথিক। ক্যাচ দিলেন এমরিটের স্লোয়ারে উড়িয়ে মারতে গিয়ে (৩২ বলে ২৪)। আরেক ভরসা থিসারা পেরেরাও আউট ছক্কার তৃষ্ণায় (৯)।
ওই ওভারেই সামি ফেরান এবারের বিপিএলে প্রথমবার ব্যাটিংয়ে নামা মোহাম্মদ নবিকে (২)। শেষ দিকে আল আমিন (১৩ বলে ১৭) ও ওয়াহাব রিয়াজের (১০ বলে ১২) ব্যাটে কোনোরকমে একশ’ পার হয় রংপুর।
ওই রানে কিছুটা লড়াই করতে পেরেছে বোলাররা, কিন্তু জেতার জন্য রানটা একটু কমই ছিল!
