২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট শিকারের কৌশলটা জানালেন আল আমিন

বিপিএলের সেরা উইকেট শিকারীদের একজন আল আমিন হোসেন শুনিয়েছেন শুরুতে উইকেট নেওয়ার মন্ত্র। প্রথম ছয় ওভারে লেন্থ বল করে যাওয়ার পরামর্শ দিয়েছেন বরিশাল বুলসের এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 08:47 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দলের ৬ উইকেটের জয়ে বড় অবদান রাখেন আল আমিন। এই পেসার ঝড় তোলার আগেই ফেরান সৌম্য সরকার, সাকিব আল হাসানকে। শেষে থামান ওয়াহাব রিয়াজকে।
 
৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা আল আমিন সংবাদ সম্মেলনে জানান, উইকেট থেকে সহায়তা পেয়ে সাফল্য পেয়েছেন তিনি।   
 
“উইকেট ভেজা ছিল .. ভেবেছিলাম, লেন্থে যদি হিট করা যায় তাহলে ভালো কিছু হবে.. ওটা ভেবেই চেষ্টা করেছি।”
 
চলতি আসরে ১১ উইকেট নিয়ে বরিশালের সতীর্থ কেভন কুপারের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন আল আমিন। চলতি আসরে এখন পর্যন্ত হ্যাটট্রিক তিনি একাই করেছেন।
 
আল আমিন মনে করেন, প্রথম ৬ ওভার বোলারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তবে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক থাকে বলে এই সময়েই উইকেট পাওয়ার বেশি সম্ভাবনা দেখেন তিনি। 
 
“প্রথম ছয় ওভারে যে (বোলার) ভালো করবে তার উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ, ব্যাটসম্যানরা এ সময়ে রান করার চেষ্টা করে। তখন ভুল করার প্রবণতাও বেশি থাকে।”
 
“আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রথম ছয় ওভারে যদি টপ অব লেন্থে বল করা যায় তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাই চেষ্টা করছি”, যোগ করেন আল আমিন।