২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ রানের আক্ষেপ জার্গেনসেনের

বরিশাল বুলসের কাছে হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দুষেছেন শেন জার্গেনসেন। রংপুর রাইডার্স কোচের বিশ্বাস, তার শিষ্যরা আর ১০-১৫ রান বেশি করতে পারলে তা খেলায় বড় পার্থক্য গড়ে দিতে পারত। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 09:13 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটে ১০৪ রান করে রংপুর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের কোচ জানান, এ দিন উইকেট ঠিক মতো বুঝতে পারেননি তারা।
 
“আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছি। আজ আমরা তা করতে পারিনি। এটা ১৭০ রানের উইকেট ছিল না। আরও ১০-১৫ রান করা গেলে সেটা ফলে বড় পার্থক্য গড়ে দিতে পারত।”
 
বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারে জার্গেনসেন। এই হারে নিজেদের অতি আক্রমণাত্মক ক্রিকেটের দায় দেখছেন কোচ। 
 
“সম্ভবত আমরা একটু বেশি আগ্রাসী ক্রিকেট খেলেছি। তবে টি-টোয়েন্টিতে এভাবেই আপনাকে খেলতে হবে। আমরা যেমন চাই, টুর্নামেন্টে মাঝে মাঝে শট নির্বাচন তেমন হচ্ছে না।”
 
টস হেরে ব্যাট করতে নেমে ৬ ওভারের ভেতর সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় রংপুর। জার্গেনসেন মনে করেন, প্রথম ছয় ওভারে বেশি উইকেট হারানোটাই তাদের চাপে ফেলে দেয়।
 
“প্রথম ছয় ওভারে এত উইকেট হারানো আমাদের পরিকল্পনায় ছিল না। এখন আমরা দেখব, আমরা কিভাবে উইকেট হারিয়েছি। তারপরও আমাদের আর কিছু রান করা দরকার ছিল।”