হেলসের শতকে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড
আলেক্স হেলসের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। ৯৫ রানের জয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে ওয়েন মর্গ্যানের দল।
শুক্রবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৮৩ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৫ ওভার ৫ বলে ১৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আজহার আলির দল। অধিনায়ক ছাড়া পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। আজহার করেন ২২ রান।
২৪ রানে তিন উইকেট হারানো পাকিস্তান ৫০ রানে পৌঁছতেই পাঁচ ব্যাটসম্যানকে হারায়। ২৮তম ওভারে মোহাম্মদ রিজওয়ান (১৭) ফিরে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৮০ রান।
আনোয়ার আলির সঙ্গে ৬৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সরফরাজ আহমেদ। মইন আলির বলে ক্যাচ দিয়ে আনোয়ার ফিরলে ভাঙে পাকিস্তানের সপ্তম উইকেট জুটি। এরপর আর বেশি দূর এগোয়নি দলটির ইনিংস।
নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৬৪ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ। তার ৭৬ বলের ইনিংসটি সাজানো ৩টি চারে।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ক্রিস ওকস। এছাড়া ডেভিড উইলি ৩ উইকেট নেন ২৫ রানে।
এর আগে জেসন রয়ের সঙ্গে ১০২ রানের জুটিতে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে ওয়ানডেতে প্রথম শতক পাওয়া হেলস। অর্ধশতক করে রয় (৫৪) ফিরে গেলে ভাঙে ১৭.৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি।
জো রুটের সঙ্গে আরেকটি শতরানের জুটি উপহার দেন হেলস। ২১.২ ওভারে দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন এই দুই জনে। অভিষিক্ত ইফতিখার আহমেদের বলে হেলস স্টাম্পড হলে ভাঙে চমৎকার এই জুটি।
১১৭ বলে খেলা হেলসের দারুণ ইনিংসটি সাজানো ৭টি চার ও ৩টি ছক্কায়।
ভালো ভিতের সুবিধা কাজে লাগাতে পারেননি ইংল্যান্ডের পরের ব্যাটসম্যানরা। অর্ধশতক করে ফিরে যান রুট। তার ৭৭ বলে খেলা ৬৩ রানের ইনিংসটি তিনটি চার সমৃদ্ধ।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের বাইরে মর্গ্যান ছাড়া আর কেউ ভালো করতে না পারায় শেষ পর্যন্ত তিনশ’ পার হয়নি ইংল্যান্ডের সংগ্রহ। অধিনায়ক ২৯ বলে করেন ২৯ রান।
পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ৩ উইকেট নেন ৪৩ রানে।
আগামী মঙ্গলবার হবে তৃতীয় ওয়ানডে।
