২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কোনোমতে জিতল সৌম্যরা

ব্যর্থতায় ভরা দক্ষিণ আফ্রিকা সফরের শেষটায় জয়ের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল। তবে আরেকটি ব্যাটিং ব্যর্থতায় জয়টা এসেছে অনেক কষ্টে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

প্রিটোরিয়ার আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে গটেং স্ট্রাইকার্সকে ১০০ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’। জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বি ৪ উইকেট নিয়েছেন ১৪ রানে। লেগ স্পিনার জুবায়ের হোসেন ১.২ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আল আমিন হোসেন ও সৌম্য সরকার নিয়েছেন একটি করে।

এই রান তাড়া করতে গিয়ে হারতে বসেছিল বাংলাদেশ ‘এ’। ওপেনিংয়ে ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২০ করেছেন সৌম্য, আরেক ওপেনার রনি তালুকদার আউট প্রথম বলেই। তিনে নেমে লিটন ফিরেছেন ৫ রানে।

সর্বোচ্চ ২৬ করেছেন চারে নামা মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান ১২। মাহমুদুল হাসান করেছেন শূন্য, শুভাগত হোম ২, মোহাম্মদ মিঠুন ৫। ৮১ রানে ৮ উইকেট হারিয়ে তখন পরাজয়ের মুখে বাংলাদেশ ‘এ’।

শেষ পর্যন্ত ওপেনার সাদমান ইসলামকে ১০ নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে উদ্ধার হয় দল। প্রস্তুতি ম্যাচ বলে বোলিং করা অনেকে ব্যাটিং করেননি, ব্যাটিংয়ের সময় পাঠানো হয়েছে ব্যাটসম্যানদের। মিঠুন তাই ৮ নম্বরে নেমেছিলেন, দশে সাদমান।

অপরাজিত ১৫ রান করে সাদমানই এগিয়ে নেন দলকে। ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ ‘এ’।

জিম্বাবুয়েতে আনুষ্ঠানিক সফরের আগে এটি ছিল বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচ। আগের দুটি একদিনের ম্যাচ ও একমাত্র তিনদিনের ম্যাচে হেরেছিল সৌম্যরা।

জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় দলে ডাক পাওয়ায় এখন দেশে ফিরে আসবেন ‘এ’ দলের সৌম্য, লিটন, সাব্বির, আল আমিন, কামরুল ও জুবায়ের। তাদের বদলি হিসেবে জিম্বাবুয়ে সফরে ‘এ’ দলের অংশ হতে বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ার কথা ৫ ক্রিকেটারের-নাঈম ইসলাম, নুরুল হাসান, তাসামুল হক, মুক্তার আলি ও দেওয়ান সাব্বির।