তারেকের পর নাঈম, ধীমানের শতক
তারেক আহমেদের পর শতক করেছেন নাঈম ইসলাম ও ধীমান ঘোষ। তিন শতকে পঞ্চম রাউন্ডের ম্যাচে ঢাকার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে রংপুর। দিনের শেষ বেলায় ঢাকার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে চ্যাম্পিয়নরা।
রোববার জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। এখনও ৩৮৫ রানে পিছিয়ে রয়েছে দলটি।
তৃতীয় ওভারে জনি তালুকদারকে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। মোশাররফ হোসেনের সঙ্গে সাইফ হাসানের ৫৬ রানের জুটি ভাঙেন আরেক পেসার শুভাশীষ রায়। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফকে ফেরান তিনি।
দিনের বাকি সময়টুকু রকিবুল হাসানকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোশাররফ।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ২৬৩ রান নিয়ে খেলা শুরু করা রংপুর অলআউট হয় ৪৬৩ রানে। শুরুতেই ফিরে যান অধিনায়ক নাসির হোসেন। শতক করে বিদায় নেন নাঈমও (১০০)। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ২৯৯ বলের ইনিংসটি সাজানো ১২টি চারে।
সোহরাওয়ার্দী শুভর সঙ্গে ৭৭ ও বিশ্বনাথ হালদারের সঙ্গে ৫৬ রানের দুটি জুটিতে দলকে সাড়ে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান ধীমান। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দলের সংগ্রহ সাড়ে চারশ’ পার করেন। তার ১৮০ বলের ইনিংসটি ১৩টি চার সমৃদ্ধ।
ঢাকার পেসার দেওয়ান সাব্বির ৯৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ৩ উইকেট নেন ১২১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর: ১৫২ ওভারে ৪৬৩ (তারেক ১০২, নবীন ০, আরিফুল ০, নাঈম ১০০, নাসির ৬৩, ধীমান ১০১*, তানভীর ০, সোহরাওয়ার্দী ৩৫, বিশ্বনাথ ৩০, সাজেদুল ১০, শুভাশীষ ৪; শরীফ ২৬-৬-৮০-২, সাব্বির ৩৬-১১-৯৬-৪, মোশাররফ ৪৪-৪-১৩৪-১, নাজমুল ৪৩-৭-১২১-৩, মজিদ ২-০-১০-০, নাদিফ ১-০-৭-০ )
ঢাকা: ২৮ ওভারে ৭৮/২ (জনি ৬, সাইফ ৪৪, মোশাররফ ২৬*, রকিবুল ১*; সাজেদুল ৮-১-৩১-১, শুভাশীষ ১০-৪-২৪-১, আরিফুল ৬-৩-১২-০, নাঈম ৪-২-১০-০)
