সাব্বিরের শতকের পরও বিপদে বাংলাদেশ
সাব্বির রহমানের দারুণ শতকের পরও ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে বিপদে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানে অতিথিদের গুঁড়িয়ে দিয়ে অধিনায়ক শিখর ধাওয়ানের অপরাজিত শতকে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৬১ রান। এখনও ৬৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
অধিনায়ক ধাওয়ান ১১৬ ও শ্রেয়াস আয়ার ৬ রানে ব্যাট করছেন। ধাওয়ানের ১১২ বলের ইনিংসটি গড়া ১৬টি চার ও দুটি ছক্কায়। তার সঙ্গে ১৫৩ রানের উদ্বোধনী জুটি গড়া অভিনব মুকুন্দকে (৩৪) বোল্ড করে একমাত্র উইকেটটি নেন শুভাগত হোম চৌধুরী।
এর আগে রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই বিপদে পড়ে অতিথিরা।
শূন্য রানে ফিরেন এনামুল হক, সৌম্য সরকার ও লিটন দাস। ২ রান করে বিদায় নেন অধিনায়ক মুমিনুল হক। সাব্বিরের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ফিরে যান নাসির হোসেনও (৩২)।
