ম্যাক্সওয়েলকে চাপে রাখার পরিকল্পনা অধিনায়কের
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাটিং ভরসা অধিনায়ক স্টিভেন স্মিথ। টেস্ট দলে ফেরা গ্লেন ম্যাক্সওয়েলের আক্রমণাত্মক ব্যাটিং গুড়িয়ে দিতে পারে যেকোনো বোলিং লাইনআপকে। টেস্ট সিরিজে তাই অতিথিদের এই দুই ব্যাটসম্যানকে দ্রুতই ফেরাতে চাইবেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অতিথিদের দল দেখে মুশফিক তার প্রতিক্রিয়ায় ম্যাক্সওয়েলকে চাপে রাখার পরিকল্পনার কথা জানান।
“ম্যাক্সওয়েল কামব্যাক করছে। সবশেষ আমিরাতে টেস্ট খেলেছিল। তার জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হবে। আমরা চেষ্টা করব তাকে যত চাপে রাখা যায় এবং যত দ্রুত আউট করা যায়।”
অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ম্যাক্সওয়েল তার তিন টেস্টের সর্বশেষটি খেলেন পাকিস্তানের বিপক্ষে গত অক্টোবরে। টেস্টে এখনও সাফল্য পাননি তিনি, ছয় ইনিংসে ১৩.৩৩ গড়ে তার রান মোটে ৮০। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ সফল তিনি। সব মিলিয়ে ৩৫ ম্যাচে ৪০.৪২ গড়ে ২ হাজার ১৮৩ রান করেন তিনি। এই ধরনের ক্রিকেটে তার পাঁচটি শতক ও ১২টি অর্ধশতক রয়েছে।
প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাওয়া স্মিথ এ পর্যন্ত খেলেন ৩৩টি টেস্টে। এতে ৫৬.২৭ গড়ে ১১টি শতক ও ১২টি অর্ধশতকসহ তার রান ৩ হাজার ৯৫। তাকে নিয়ে স্বাগতিক দলের অধিনায়কের বাড়তি ভাবনা থাকাটা স্বাভাবিকই।
মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, রায়ান হ্যারিস, ব্র্যাড হ্যাডিনরা অবসর নেওয়ায় বাংলাদেশ সফরে মোটামুটি তরুণ এক দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। তবে তরুণ দল এলেই তাদের হারানো যাবে, এমন কোনো বিশ্বাস নিয়ে বসে নেই মুশফিক।
“এমন নয় যে, তরুণ দল এলেই আমদের কাছে হারবে। ভারত-দক্ষিণ আফ্রিকার তো সব টপ ক্লাস ক্রিকেটাররাই এসেছিল, তারপরও হেরেছে। মূল ব্যাপার হলো আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম এবং ধারাবাহিক ছিলাম, এজন্যই জিতেছিলাম।
“আমাদের মূল লক্ষ্য থাকবে.. আমরা যেটা ভালো পারি, সেটা কতটা করতে পারি (তা করার)। ভালো খেলেও ফল পক্ষে না আসতে পারে; সেটা আমাদের হাতে নেই। আমাদের কাজ ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলা,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
